ক্রীড়া ডেস্ক »
বিশ্বকাপের শুরুতে ধুঁকতে থাকা পাকিস্তানই প্রথম দল হিসেবে জায়গা করে নিলো ফাইনালের মঞ্চে। সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয় তাই যেন প্রমাণ করলো বাবর – রিজওয়ানরা।
বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ( এসসিজি) প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানি দর্শকদের ভীড় ছিল চোখে পড়ার মতো৷ এই ম্যাচটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হলেও বাবরের কাছে মনে হয়েছে নিজেদের মাঠেই খেলছে তারা৷ দর্শকদের উল্লাস আর সমর্থনে মুখরিত ছিল গোটা স্টেডিয়াম ।
ম্যাচ শেষে বাবর আজম বলেন, ‘প্রথম ৬ ওভার আমাদের শুরুটা ভালো ছিল। পরে আমরা স্পিন আক্রমনও ভালো করেছি৷ পেস বোলাররা স্লোগ ওভারে খুব ভালো বল করেছে৷ ম্যাচের মাঝপথে যাওয়ার আগে আমাদের পরিকল্পনা ছিল পাওয়ার প্লে কাজে লাগানো। যাতে পরে আসা সবাই চাপহীন খেলতে পারে।’
ম্যাচ শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বাবর আরো বলেন, ‘দর্শকদের ধন্যবাদ। আমাদের মনে হয়েছে আমরা ঘরের মাঠে খেলছি৷ আমরা এই মুহূর্তটা উপভোগ করবো, ফাইনালের দিকে মনযোগী হবো।’
