ক্রীড়া ডেস্ক »
চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা একদম ভালো হয়নি৷ ভারতের বিপক্ষে হারের পর জিম্বাবুয়ের কাছেও হার পাকিস্তানকে বেশ বিপাকে ফেলে দেয়। সেমির দৌড় থেকে পিছিয়ে পড়ে অনেকটাই৷ কিন্তু কাকতালীয়ভাবে বাবর – রিজওয়ানরাই প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখেন৷
বুধবার তারা নিউজিল্যান্ডের বিপক্ষে এক দাপুটে জয় তুলে নেন। ম্যাচ শেষে পাকিস্তান দলের মেন্টর ম্যাথু হেইডেন জানিয়েছেন, তারা প্রতিপক্ষ হিসেবে ভারতকেই চায়। মূলত হারের বদলা নিতেই রোহিত – কোহলিদের প্রতিপক্ষ হিসেবে চান তিনি।
হেইডেন বলেন, ‘আমি ফাইনালে ভারতকে মোকাবেলা করতে চাই৷ কারণ পৃথিবীর এক – তৃতীয়াংশ মানুষ ম্যাচটি একসঙ্গে দেখবে। এই ব্যাপারটি অকল্পনীয় হবে৷ আপনি কি এটা ভাবতে পারেন? কাল যদি ইংল্যান্ডের বিপক্ষে ভারত জয়লাভ করে মেলবার্ণে কি পরিমাণ উন্মাদনা হবে। তবে আজকের রাতটি বিশেষ কিছু ।’
বাংলাদেশকে হারিয়ে সেমিতে জায়গা করে নেয় পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষেও হেসেখেলে জয় পায় বাবর আজমের দল। ভারত – পাকিস্তান ম্যাচ বরাবরই অন্য রকম উন্মাদনা সৃষ্টি করে ক্রিকেট ভক্তদের মাঝে। তাই উপমহাদেশের ক্রিকেট ভক্তরা পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে ভারতকেই চাইছেন।
