লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সে টাইগ্রেসদের দারুণ শুরু

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে ৪ রানের সংকীর্ণ ব্যবধানে জয় তুলে নেয় টাইগ্রেসরা।

টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ওপেনিং জুটিতে ইশমা তানজিম ও শামিমা সুলতানা দলকে শক্ত ভিত এনে দেন। দুজন মিলে ৪৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। শামিমা ১৯ বলে ১৭ রান করে ফেরার পর ইনিংসের গতি কিছুটা কমে যায়।
তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ইশমা তানজিম।

২৫ বলে ৩০ রানের কার্যকর ইনিংস খেলে তিনি আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। এরপর তিন নম্বরে নেমে দায়িত্বশীল ব্যাটিং করেন শারমিন সুলতানা। ২৭ বলে ২৯ রান করে দলের সংগ্রাম টিকিয়ে রাখলেও শেষ দিকে হঠাৎ ব্যাটিং ধস নামে টাইগ্রেসদের ইনিংসে। শেষ ১৯ বলে মাত্র ১১ রান তুলতেই হারাতে হয় ৬ উইকেট। ফলে নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতেই ১১৫ রানে অলআউট হয় বাংলাদেশ নারী ‘এ’ দল।
শ্রীলঙ্কার হয়ে সাচিনি নিসানসালা ছিলেন সবচেয়ে সফল বোলার, মাত্র ১৪ রান খরচায় নেন চার উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ধীরে-সুস্থে শুরু করে শ্রীলঙ্কা। তবে দলীয় ১৫ রানে প্রথম আঘাত হানেন বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। সানজিদা আক্তার মেঘলা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে ম্যাচে নিয়ন্ত্রণ এনে দেন।

মাঝের দিকে হানসিমা করুণারত্নে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৩১ বলে ২৬ রান করে বিদায় নিলে ম্যাচ আবার বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু শেষদিকে আমা কাঞ্চানা ও সাচিনি নিসানসালার আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে।

শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৩ রান। বল হাতে দায়িত্ব নেন অধিনায়ক ফাহিমা খাতুন। চাপের মুহূর্তে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে তিনি ম্যাচ বাংলাদেশের পক্ষে ধরে রাখেন। শেষ বলে ৭ রান প্রয়োজন হলেও লঙ্কানরা তুলতে পারে মাত্র ২ রান। তাতেই ৪ রানের নাটকীয় জয় নিশ্চিত হয় টাইগ্রেসদের।
বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা তিনটি উইকেট নেন। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া শরিফা খাতুন ও জান্নাতুল ফেরদৌস নেন একটি করে উইকেট।

রোমাঞ্চে ভরা এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা করলো বাংলাদেশ নারী ‘এ’ দল, যা পরবর্তী ম্যাচগুলোর জন্য দলকে বাড়তি প্রেরণা জোগাবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »