নির্বাচন স্থগিত করুন’— প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল ঢাকার ক্লাবগুলো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটে চলমান নির্বাচন ইস্যু ঘিরে উত্তাপ যেন থামছেই না। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ঢাকার বেশ কয়েকটি ক্লাব নির্বাচন স্থগিত ও নতুন তফসিল ঘোষণার দাবিতে সরব। নানা চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বারস্থ হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাকার ক্লাবগুলোর পক্ষে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু। স্মারকলিপিতে মূল দাবি— বর্তমান নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করে স্বচ্ছ ও নতুন করে নির্বাচন আয়োজনের আহ্বান।

ক্লাবগুলোর অভিযোগ, বিসিবি নির্বাচনে চলছে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা। তাদের দাবি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অযাচিত হস্তক্ষেপ হচ্ছে। এসব বিষয়ে বারবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবহিত করা হলেও পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি বলে তারা অভিযোগ করেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, “বিসিবি নির্বাচন এখন স্বচ্ছতা হারিয়েছে, দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।” তাই ক্লাবগুলো বাধ্য হয়ে দেশের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার দ্বারস্থ হয়েছেন। তাদের প্রত্যাশা, প্রধান উপদেষ্টা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে ক্রীড়া উপদেষ্টাকে যথাযথ নির্দেশনা দেবেন।

বর্তমান অস্থিরতা কাটাতে এবং ক্রিকেটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচনের সময় পিছিয়ে নতুন তফসিল ঘোষণারও অনুরোধ জানিয়েছে ক্লাবগুলো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »