ক্রীড়া ডেস্ক »
বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে গ্রুপ দুই থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান। বাংলাদেশের দেওয়া ১২৮ রানের টার্গেটে খেলতে নেমে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। বাংলাদেশের উদ্বোধনী জুটি থেকে আসে ২১ রান। ব্যক্তিগত ১০ রানে শাহিন আফ্রিদির শিকার হয়ে সাজঘরে ফেরেন লিটন। তিনে ব্যাট করতে আসা সৌম্যকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন শান্ত। এরপর শাদাব খানের পরপর দুই বলে সৌম্য – সাকিবকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাকিবের আউট নিয়ে বেশ বিতর্কের জন্ম হয়৷
শান্ত ফিফটি তুলে নেয় ৪৬ বলে। ৫৪ রানে শান্ত সাজঘরে ফিরলে বিপাকে পড়ে বাংলাদেশ। সোহান, মোসাদ্দেক এদিনো ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করেন। শেষদিকে আফিফের অপরাজিত ২৪ রানের উপর ভর করে ১২৭ রানের পুঁজি পায় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে তাসকিনের বলে শুরুতেই ক্যাচ তুলে দেন রিজওয়ান। কিন্তু সোহান তালুবন্দি করতে ব্যর্থ হন। পাকিস্তানের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৭ রান। বাবর ২৫ রানে ফিরে গেলে হাল ধরেন রিজওয়ান। ব্যক্তিগত ৩৫ রানে রিজওয়ানকে হারায় পাকিস্তান। কিন্তু মোহাম্মদ হারিসের ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে অনেকটাই জয় নিশ্চিত হয় পাকিস্তানের। শেষ পর্যন্ত পাচ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই জয় পায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : শান্ত ৫৪, আফিফ ২৪, সৌম্য ২০।
পাকিস্তানের পক্ষে ৪ টি উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি।
পাকিস্তান : বাবর ২৫, রিজওয়ান ৩৫, মোহাম্মদ হারিস ৩১।
বাংলাদেশের পক্ষে ১ টি করে উইকেট নেন সাকিব, মুস্তাফিজ,নাসুম, ইবাদত
