ক্রীড়া প্রতিবেদক »
চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগেই চোট দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। নতুন করে আবারো হ্যামিস্ট্রিংয়ের চোট পেয়েছেন লিটন দাস।
ভারতের বিপক্ষে বৃষ্টি শেষে ম্যাচ মাঠে গড়ালে নতুন করে আবারো ব্যাটিংয়ে নামে লিটন – শান্ত। মাঠ কিছুটা ভেজা থাকায় দৌড়ে রান নেওয়ার সময় পা পিছলে পড়ে যান লিটন। সেখান থেকেই নতুন করে চোরের সূত্রপাত৷ এর আগেও অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েন সময়ের সেরা ব্যাটার লিটন৷ যার ফলে এশিয়া কাপে খেলা হয়নি লিটনের৷
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘চোট খুব একটা গুরুতর নয়। হাঁটতে চলতে সমস্যা হচ্ছে না৷ ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়েই টানটা লাগে। তাই তাকে আজ বিশ্রামে রাখা হয়েছে।’
ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন লিটন। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এই ডানহাতি ব্যাটার৷ ম্যাচ শেষে বিরাট কোহলি তাকে একটি ব্যাটও উপহার হিসেবে দিয়েছেন। জানা যায়, লিটন ধন্যবাদ দেওয়ার পর কোহলি তার সঙ্গে আলিঙ্গনও করেছেন।
