ক্রীড়া প্রতিবেদক »
টি-টোয়েন্টি বিশ^কাপে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে বুধবার (০২ নভেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। সংস্করণ আর পারফরম্যান্সের বিচারে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জেতা কোনো সহজ ব্যাপর নয় বাংলাদেশের জন্য। অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছে ভারতকে হারিয়ে অঘটন ঘটাতে চায় বাংলাদেশ।
ম্যাচের আগের দিন মঙ্গলবার (০১ নভেম্বর) সংবাদ সম্মেলনে একথা জানান টাইগার অধিনায়ক। এবারে বিশ^কাপে অঘটন কিন্তু একবারে কম ঘাটেনি। সেই দিক বিবেচনা করে ভারতকে হারানোটা আবার অসম্ভব নয়। সাকিব বলেন, ‘বাকি দুই দল যদি দেখেন তারা আমাদের থেকে অবশ্যই ভাল। বাট আমরা যদি ভালো খেলি আমাদের যদি দিন থাকে, কেন জিততে পারবো না। এই বিশ্বকাপে আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে, পাকিস্তানকে জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছে। ওরকম একটা রেজাল্ট হলে আমরা অবশ্যই খুশি হব।’
ব্যাটিংয়েও ভালো করতে হবে বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় ভারতীয় দল খুবই ভালো একটা বোলিং অ্যাটাক। আপনি যদি দেখেন প্রতিটা ম্যাচই তারা ১৬০-৭০ মধ্যেই প্রতিটা দলকে বেঁধে রেখেছে। তার মানে খুবই ভালো বোলিং করছে। আমাদের অবশ্যই খুবই ভালো ব্যাটিং করতে হবে, ১৬০ বা ১৭০ রান করতে গেলে। যেটা দেখা যাচ্ছে এই বিশ্বকাপে একটা পার স্কোরের মত। যারা বেশি করছে তারাও এরকম করছে, যারা কম করছে তারাও এর থেকে ১০-১৫ রান কম করছে। এরকম একটা অবস্থায় আমার কাছে মনে হয় আমাদের খুবই ভালো খেলতে হলে ভারতের বোলিং লাইন আপের বিপক্ষে ভালো করতে হবে। কেননা তাদের বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে আসলে।’
