মোসাদ্দেককে ‘ অকেশনাল ‘ বোলার ভাবেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক »

টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচের দুই ম্যাচেই বল হাতে অবদান রাখতে চেষ্টা করেছেন মোসাদ্দেক হোসেন৷ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারে দারুণ বল করে ম্যাচ জিতিয়েছেন। অবশ্য এই নিয়ে ক্রিকেট পাড়ায় বেশ সমালোচনা হয়েছিলো। মোসাদ্দেক কেন শেষ ওভার বোলিংয়ে? কিন্তু সাকিব তার সিদ্ধান্তে অনড়৷

শুধুমাত্র সাউথ আফ্রিকার বিপক্ষেই পাঁচ বোলার একাদশে নিয়ে ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম বোলার হিসেবে ভূমিকা রাখেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন। পঞ্চম বোলারের ঘাটতি বেশি পরিলক্ষিত হয় জিম্বাবুয়ের সাথে ম্যাচটিতে৷ সেই ম্যাচে ১৬ থেকে ১৮ ওভারে বোলিং করেন তিন পেসার মোস্তাফিজ, তাসকিন ও হাসান মাহমুদ। ১৯ তম ওভার সাকিব করেন। শেষ ওভারে মোসাদ্দেক হোসেন বোলিংয়ে এসে ম্যাচ জেতান।

সাকিব বলেন, ‘দেখুন ঘাটতি থাকলে আমরা ২০ ওভার বোলিং করতে পারতাম না৷ মোসাদ্দেক এই বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটও পেয়েছে। ৫ উইকেট টি – টোয়েন্টিতে খুবই বিরল ঘটনা৷ তাকে যদি আপনি অকেশনাল বোলার হিসেবে মনে করেন আমি বলবো সেটা আপনার ভুল।’

ভারতের বিপক্ষেও পঞ্চম বোলার হিসেবে দেখা যেতে পারে সৌম্য – মোসাদ্দেকদের। যদিও একাদশ নিয়ে স্পষ্ট করে কিছুই বলেননি সাকিব। সাকিব আরো বলেন, ‘মোসাদ্দেক হয়তো আরও ভালো বোলিং করতে পারে, ওকে আমরা সেভাবে বিবেচনা করিনি। আপনি যদি ঘরোয়া ক্রিকেট দেখেন ও কিন্তু টি – টোয়েন্টিতে চার ওভার বল করে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »