রুদ্ধশ্বাস লড়াই শেষে জিতলো নেদারল্যান্ডস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুই দলই আইসিসির সহযোগী দেশ। লড়াইটা হওয়ার কথা ছিলো সমানে সমান। হলোও তাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে নামিবিয়াকে ৫ উইকেটে হারালো নেদারল্যান্ডস।

মঙ্গলবার প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে গিলংয়ে মুখোমুখি হয়েছিলো দুই দল। তাতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রানের মামুলি সংগ্রহ করে নামিবিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

নামিবিয়ার ছুড়ে দেওয়া ১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই দলকে ৫৯ রানের সংগ্রহ এনে দেন দুই ডাচ ওপেনার ম্যাক্স ও’ডাউড এবং বিক্রমজিৎ সিং। তখন সবাই ভেবেছিলো খুব সহজেই জিততে যাচ্ছে নেদারল্যান্ডস।

তবে দলীয় ৫৯ রানের মাথায় বিক্রমজিৎ ৩৯ রানে আউট হতেই ধ্বস নামে নেদারল্যান্ডসের ব্যাটিংয়ে। ৩৫ রান করে ও’ডাউডও আউট হতেই চাপে পড়ে যায় দলটি। তবে একপ্রান্ত আগলে ছিলেন তিনে নামা বাস ডি লিড।

লিডের অপরাজিত ৩০ বলে ৩০ রানের কল্যাণে ৩ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় নেদারল্যান্ডস।

এর আগে গিলংয়ে টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই শুন্য রানে বিদায় নেন ডিভান লা কক। এরপর আরেক ওপেনার মাইকেল ভ্যান লিঙ্গেন জুটি বাধেন তিনে নামা স্টেফান বার্ডের সঙ্গে। দুজন মিলে প্রাথমিক বিপদটা কাটিয়ে ওঠেন। পঞ্চম ওভারে লিঙ্গেন ২০ রানে বিদায় নিলে ভাঙ্গে এই জুটি।

এরপর উইকেটে এসে কোনো রান না করে বিদায় নেন জ্যান নিকোল লফটি ইটন। দলকে পঞ্চাশের ঘর পার করার খানিকবাদে ১৯ রান করে একই পথ ধরেন স্টেফানও। তাতে ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে নামিবিয়া।

এরপর অধিনায়ক এরাসমাসকে নিয়ে একটা জুটি গড়েন আগের ম্যাচের নায়ক জ্যান ফ্রাইলিঙ্ক। দুজন মিলে ওয়ানডে স্টাইলে খেলে দলকে পার করান শত রানের ঘর। দলীয় শতক হবার কিছুক্ষণ পরই অবশ্য ১৯তম ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন ফ্রাইলিঙ্ক।

আউট হবার আগে ৪৮ বলে ১ চার ও ১ ছক্কায় ৪৩ রান করে যান ফ্রাইলিঙ্ক। তিনি আউট হবার এক বল পরই একই পথ ধরেন এরাসমাসও। আর তাতেই সলীয় সংগ্রহের চাকাও থেমে গেছে অল্প রানের ঘরে!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »