নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অ্যারন ফিঞ্চ ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর থেকেই চলছিল আলোচনা। কে হবেন অস্ট্রেলিয়ার পরবর্তী ওয়ানডে অধিনায়ক? অবশেষে পাওয়া গেলো উত্তর। ফিঞ্চের নতুন উত্তরসূরী প্যাট কামিন্স।
কামিন্সের পাশাপাশি অধিনায়ক হওয়ার জন্য বিবেচনায় ছিলেন আরও কয়েকজন। তারা হলেন স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। তবে শেষমেশ বেছে নেওয়া হয়েছে কামিন্সকে।
মঙ্গলবার দলের নতুন ওয়ানডে দলনেতা হিসেবে কামিন্সের নাম নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কামিন্স অস্ট্রেলিয়ার ২৭তম ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। একই সঙ্গে আরেকটি নজির গড়বেন তিনি।
প্রথমবারের মতো ওয়ানডেতে অজিদের নেতৃত্ব দিবেন কোনো পেসার। তবে বোলার হিসেবে তার গেই অনেকে দায়িত্ব পালন করেছেন। যে তালিকায় তার আগে সবশেষ নাম প্রয়াত তারকা শেন ওয়ার্ন। নব্বই দশকের শেষদিকে ১১ ওয়ানডেতে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
দায়িত্ব পাওয়ার পর কামিন্স বলেন, ‘আমি ফিঞ্চের অধীনে খেলা সব সময় উপভোগ করেছি এবং তার নেতৃত্বগুণ থেকে অনেক কিছু শিখেছি। গুরুত্বপূর্ণ কিছু ফাঁকা জায়গা পূরণ করতে হবে। তবে এই ওয়ানডে দলের অভিজ্ঞতার পাল্লা ভারী হওয়ায় আমরা খুবই ভাগ্যবান।’
চলতি বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন কামিন্স। দুই দল নিজেদের মধ্যে তিনটি ওয়ানডে খেলবে।
