নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি এক দিনের সিরিজে মুখোমুখি হবে ভারত। এই সিরিজ শুরুর আগে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে দলটির সাবেক অধিনায়ক বিরাট কোহলি। আর মাত্র ৬ রান করলেই শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন তিনি।
ভারত তো বটেই, সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার। দীর্ঘদিন যাবত ভারতের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের দখলে রেখেছেন তিনি। তবে এখন সেটাই হাতছাড়া হওয়ার শঙ্কায়। অবশ্য শঙ্কায় না বলে অপেক্ষায় বলাই ভালো।
রহস্য না করে মূল গল্পে আসা যাক। ভারতের মাটিতে এক দিনের ক্রিকেটে ৫০০০ রান থেকে ৬ রান দূরে আছেন বিরাট কোহলি। দেশটির মাটিতে এক দিনের ক্রিকেটে ৫০০০ রান করতে শচীন সময় নিয়েছিলেন ১২১টি ইনিংস। কোহলীর কাছে সুযোগ রয়েছে ৯৬টি ইনিংসেই সেই রেকর্ড গড়ার।
কোনো অঘটন না ঘটলে শচীনের এই রেকর্ডটি যে কোহলি ভাঙতে যাচ্ছেন তা বলে দেওয়াই যায়। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের মাটিতে শচীন ছাড়া আর কোনো ব্যাটারের এক দিনের ক্রিকেটে পাঁচ হাজার রান নেই।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড়, নবদীপ সাইনি, শ্রেয়স আইয়ার-সহ ভারতীয় দলের আট জন করোনা আক্রান্ত হয়েছেন। যার ফলে ভারতীয় দলে মায়াঙ্ক আগারওয়ালকে যোগ করা হয়েছে।
ক্যারিবীয়দের বিপক্ষে ভারতের তিনটি এক দিনের ম্যাচ হবে আহমেদাবাদে। ৫০ ওভারের ক্রিকেটে এই সিরিজ দিয়েই ১০০০টি ম্যাচ খেলতে চলেছে ভারত। আর কোনো দল এক দিনের ক্রিকেটে এত ম্যাচ খেলেনি।
