নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল বছর থেকেই টেস্টে দুর্দান্ত ফর্মে আছেন লিটন দাস। তবে মাসখানেক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে রান পাননি লিটন। যদিও টেস্টে রান খরা কাটিয়েছেন লিটন। পাকিস্তান সিরিজ এবং চলতি নিউজিল্যান্ড সিরিজে এমন রাজকীয় প্রত্যাবর্তনে অবশ্য অবাক নন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
লিটনের ওপর থেকে কখনই আস্থা হারাননি সুজন।
লিটনের এই পারফরম্যান্সে সুজন অবাক নন, বরং তার মতে- লিটন আরও ভালো ও ধারাবাহিকভাবে খেলার সামর্থ্য রাখেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লিটনকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন সুজন।
তিনি বলেন,’‘লিটনের ব্যাটিং তো সাবলীল। ও যেমন ব্যাটিং করে সেরকমই করেছে। লিটনের ব্যাটিং দেখা সবসময়ই গুড টু ওয়াচ। ওর টাইমিং এত ভালো। আজ ব্যাটিং দেখে একবারও মনে হয়নি কোনো রকম চাপে আছে। এত সাবলীলভাবে, সহজভাবে বোলারদের মোকাবেলা করেছে, দুর্দান্ত।’’
টি-টোয়েন্টি বিশ্বকাপে রানখরার কারণে ঢালাওভাবে সমালোচনার শিকার হয়েছিলেন লিটন। সুজন জানালেন, লিটনের যে সামর্থ্য আছে তাতে আরও ভালো করা অসম্ভব বা অবিশ্বাস্য নয়।
সোমবার অল্পের জন্য শতক বঞ্চিত হতে হয়েছে লিটনকে।
সুজন বলেন,”লিটন কত ভালো খেলোয়াড় আমরা জানি। বিশ্বকাপে রান না করার পরও আমরা জানতাম ওর সামর্থ্য। লিটনের সামর্থ্যের তুলনায় সবসময় রান কম করেছে। কিন্তু সে সবসময় সুন্দর খেলে, আজকেও সুন্দর খেলেছে।”
