নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাউন্ট মঙ্গানুইতে স্বপ্নের মতো দুই দিন পার করেছে বাংলাদেশ। চার ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লিডও নিয়েছে সফরকারী বাংলাদেশ। তৃতীয় দিন শেষে কিউইদের বিপক্ষে ৭৩ রানের লিড নিয়েছে মুমিনুল হকের দল।
বাংলাদেশের এই দাপুটে পারফরম্যান্সের শুরুটা গড়ে দিয়েছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। যার সুবাদে তৃতীয় দিন শেষে স্কোরবোর্ডে ৬ উইকেটে ৪০১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
তৃতীয় দিনে মাত্র ৮ রান যোগ করেই নেইল ওয়্যাগনারের তৃতীয় শিকার হয়ে ফেরেন জয়। তবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে এমন ইনিংস পেছনের মন্ত্রের কথা জানিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান। ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান বোলারের নাম দেখে নয়, বল দেখে ব্যাটিং করেছেন। তার পরিকল্পনা ছিল রানের পিছনে না ছুটে বেশি বেশি বল খেলার।
জয় বলেন,”নিউজিল্যান্ড দলের পেস বোলিং আক্রমণ বিশ্বসেরা। ওরা টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল। আমি এক্ষেত্রে আমার স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। ওদের বোলারদের নাম না দেখে, বল দেখে খেলার চেষ্টা করেছি।আমার পরিকল্পনা ছিল রানের দিকে না গিয়ে বেশি বেশি বল খেলার। আমি বেশি বল খেলতে পারলে রান এমনিতেই আসবে। আমার সঙ্গী যারা ছিল, সাদমান ভাই, শান্ত ভাই, মুমিনুল ভাই – সবাই একই কথা বলেছে। এটাই ছিল উইকেটে শান্ত থাকার কারণ।”
প্রথম টেস্ট মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচেও হেসেছিল জয়ের ব্যাট। সেখান ৬৬ রানের ইনিংস খেলেছিলেন যুব বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। দুই দিনের সেই ম্যাচই মূল টেস্টে জয়কে আত্মবিশ্বাস দিয়েছিল বলে জানিয়েছেন জয়।
জয়ের ভাষ্যমতে,”পরিকল্পনা তেমন কিছু ছিল না। মূল ম্যাচের আগে যে প্রস্তুতি ম্যাচটা খেলেছি, সেটা অনেক কাজে দিয়েছে। সেখানে আমি খেলার সুযোগ পাই এবং মোটামুটি ভালোই করি। সেখান থেকেই আমি আত্মবিশ্বাস পাই যেটা মূল ম্যাচে মোটামুটি পারফর্ম করতে সাহায্য করেছে।”
