বাংলাদেশের প্রশংসায় ট্রেন্ট বোল্ট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স ভাল না হলেও নিউজিল্যান্ডর মাটিতে ভাল করছে দল। মাউন্ট মঙ্গানুইতে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪০১ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ লিড নিয়েছে ৭৩ রানের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে এসব ব্যর্থতার আগে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে সিরিজ হারিয়েছিল লাল-সবুজের দলটি।

তাই সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে মোটেও হালকাভাবে নেয়নি নিউজিল্যান্ড। এমন ব্যাটিংয়ের জন্য মুমিনুল হকের দলকে কৃতিত্ব দিতে ভুলে যাননি বোল্ট। তবে শেষ বেলায় মুমিনুল-লিটনকে আউট করে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে বোল্ট বলেন,”ঘর এবং ঘরের বাইরে বাংলাদেশের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তারা এখানে অনেক ভালো ব্যাটিং করেছে। ক্রিকেটে তারা এখনও উন্নতি করছে। আমরা তাদেরকে হালকাভাবে নেইনি এই সিরিজে। ম্যাচের যে অবস্থা তা দেখে রোমাঞ্চিত। ফলাফল দুই দলের পক্ষেই যেতে পারে। তারা সত্যি খুব, খুব ভালো খেলেছে। আমরা মাথার ঘাম পায়ে ফেলে বোলিং করেছি, এটাই টেস্ট ক্রিকেট। উইকেট এখনও অনেক ভালো। তারা যেভাবে উইকেটে টিকে ছিল তাদের কৃতিত্ব দিতেই হয়। তবে শেষ বিকেলে কয়েকটি উইকেট পেয়ে ভালোই লেগেছে।”

টানা তিন দিন ধরেই ৩০ ডিগ্রীর মতো তাপমাত্রা নিউজিল্যান্ডে। এর মধ্যেই চলছে দুই দলের খেলা। এছাড়া উইকেটের আচরণেও তেমন পরিবর্তন আসেনি। তবে উইকেট যে এতো ভালো হবে তা আশা করেননি বোল্ট।

বোল্ট বলেন,”আমরা এতো ভালো উইকেট আশা করিনি। রাচীন মাঝে দিয়ে কয়েক ওভার করেছে। পেসাররাও বুদ্ধি খাটিয়ে বোলিং করছে। আমাদেরকে উইকেট তুলে নেয়ার মূল মন্ত্রটা খুঁজে বের করতে হয়েছে। কৃতিত্ব দিতেই হবে বাংলাদেশকে। তারা ভালো খেলে ম্যাচটাকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »