নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষে ৭৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিং করা বাংলাদেশ দল এই লিডকে অন্তত দেড়শ রানে রূপ দিতে চায়।
সংবাদ সম্মেলনে এসে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এমনটিই জানান। এ সময় বাংলাদেশের ব্যাটিং ইউনিটের ভূয়সী প্রশংসা করেন তিনি।
সুজন বলেন,”এটা অন্যতম সেরা দিন। হ্যাঁ চ্যালেঞ্জিং, তবে প্রক্রিয়াটা দারুণ ছিল। দারুণভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ছেলেরা সত্যিই দারুণ করেছে। কালকের সকালটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে ৪ উইকেট আছে। মিরাজ ও ইয়াসির আছে, ৭৩ রান লিড আছে। আরও ৭০ রানের মত লিড পেলে দেড়শ রানের মত লিড হবে। তখন আমরা ভালো অবস্থানে থাকব।’’
সুজন জানালেন, নিউজিল্যান্ডে এসে দলের একতা মুগ্ধ করেছে তাকে। তিনি আরও বলেন,’‘কয়েকদিন ধরে দলের পরিবেশ চমৎকার। সবাই সবার জন্য খেলছে। এই জিনিসটা দরকার ছিল। আজ ৭৩ রানের লিড। চেষ্টা করব কাল যত সময় বেশি করতে পারি। অন্তত ১৪০-১৫০ নিতে পারলে বিরাট ব্যাপার হবে।’’
বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে কখনই জিততে পারেনি। এমনকি কোনো ড্রয়ের রেকর্ডও নেই। এই ম্যাচ জিততে না পারলে অন্তত ড্র করতে চান সুজন।
তিনি বলেন,’‘আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই। এখনও ১৮০ ওভার বাকি আছে। এই উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।”
