সিপিএল দিয়ে শুরু হচ্ছে স্মার্ট বলের পথচলা, জেনে নিন এই বলের আদ্যোপান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেটের সেই আদিকাল থেকেই ব্যাটে বলের লড়াই চললেও তা আর আগের মতো নেই। প্রতিনিয়তই এই খেলাটিকে আধুনিকায়ন করা হচ্ছে। আনা হয়েছে শত শত প্রযুক্তি আর নানাবিধ নিয়মকানুনের পরিবর্তন।

সময়ের সাথে সাথে ক্রিকেট খেলাকে আধুনিকায়ন করতে এবার এতে যুক্ত হচ্ছে আরো একটি নতুন প্রযুক্তি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) দিয়ে পেশাদার ক্রিকেটে প্রচলন হতে যাচ্ছে ‘স্মার্ট বল’-এর।

আধুনিক সব প্রযুক্তিতে সমৃদ্ধ এই বল ‘স্পোর্টকোর’ নামক সংস্থার সঙ্গে যৌথভাবে তৈরি করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা কোকাবুরা। এই বলটির মধ্যে একটি মাইক্রো চিপসেট রয়েছে। যার মাধ্যমে খেলার একাধিক তথ্য আরও সঠিকভাবে মিলবে আয়োজকদের হাতে। ২৬ অগস্ট থেকে শুরু হতে চলা সিপিএলের আগে পেশাদার ক্রিকেটে এই বলের ব্যবহার এটিই প্রথম।

খবরটি নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে লিখেছে, “কোকাবুরা স্মার্ট বল আর পাঁচটা সাধারণ বলের মতোই দেখতে এবং সাধারণ বলের থেকে এই বলের আচরণেও কোন পার্থক্য নেই। তবে বলটির মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে শুধুমাত্র বল ট্র্যাকিং ছাড়াও আরও অন্যান্য তথ্য পাওয়া যাবে।”

আইএএনএস এর মতে এই বলের দ্বারা স্পিড, দূরত্ব, শক্তি এবং বল ছাড়ার সময় কতটা স্পিন হচ্ছে বা বাউন্স হচ্ছে এবং তার গতিবিধি কেমন কী হচ্ছে বা ব্যাটসম্যান, কিপারের কাছে বল পৌঁছানোর সময়ই বা কতটা এর পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, এমন একাধিক অবাক করা অবিশ্বাস্য সব তথ্য পাওয়া যাবে।

এই সব প্রযুক্তির কারণে ক্রিকেট খেলা পাবে ভিন্ন মাত্রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »