টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে মোহাম্মদ আমির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁলেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে নেমে তিনি পূর্ণ করলেন ৪০০ উইকেট। এ অর্জনের ফলে ওয়াহাব রিয়াজের পর দ্বিতীয় পাকিস্তানি হিসেবে এমন কৃতিত্ব দেখালেন তিনি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমেছিলেন আমির। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১ উইকেট পেলেও সেই উইকেটটিই তাকে ইতিহাসের পাতায় নাম লেখাতে সাহায্য করে। তার শিকার হন অ্যান্টিগার অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। এটি ছিল আমিরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৪৩তম ম্যাচ।

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার পর এখন তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় নবম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের হয়ে এই তালিকার শীর্ষে আছেন ওয়াহাব রিয়াজ, যিনি ৩৪৮ ম্যাচে নিয়েছেন ৪১৩ উইকেট।

তবে ব্যক্তিগত অর্জনের দিনে দলকে জয় উপহার দিতে পারেননি আমির। তার স্বদেশি ইমাদ ওয়াসিমের নেতৃত্বে দুর্দান্ত লড়াই করে অ্যান্টিগা ৮ রানের জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করে ফ্যালকনস সংগ্রহ করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ত্রিনবাগো থেমে যায় ৬ উইকেটে ১৫৯ রানে।

অ্যান্টিগার হয়ে ম্যাচসেরা বোলিং করেন ওবেদ ম্যাককয়, যিনি শিকার করেন ৪ উইকেট। সাকিব আল হাসানও এক ওভার বল করে মাত্র ২ রান দিয়ে তুলে নেন একটি উইকেট।

টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকা আমিরের এই অর্জন শুধু পাকিস্তান নয়, বিশ্ব ক্রিকেটেও এক বিশেষ অধ্যায় হিসেবে স্থান করে নিল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »