নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ সফরের আগে বেশ বিপাকেই পড়ছে অস্ট্রেলিয়া। একের পর এক বাদ পড়া ক্রিকেটারের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আগেই জানা গিয়েছিল বাংলাদেশ সফরে আসছে না অজিদের প্রায় ৫-৬ জন নিয়মিত খেলোয়াড়। এর আগে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
এবার বাংলাদেশ সফরে অনিশ্চিত বেন ম্যাকডারমট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান।
ফিল্ডিংয়ের সময় জেসন হোল্ডারের ক্যাচ নিতে গিয়ে বৃষ্টির জন্য রাখা মাঠের বাইরের পিচ্ছিল কাভারে পা পিছলে পড়ে যান সাইডলাইনে রাখা বিজ্ঞাপনের ব্যানারের উপর। পরে মাঠে ফিল্ডিংয়ে ফিরলেও ম্যাচের পরদিন অ্যাঙ্কেল ফুলে যায় ম্যাকডারমটের। ফলে সিরিজের তৃতীয় ম্যাচে খেলা হয়নি তার।
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্রথমটি হবে ৩ আগস্ট। পরের চার ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রত্যেকটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬ টায়।
