ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি ম্যাচ অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ একটি করে জেতায় সিরিজের শেষ ম্যাচটি হয়ে গিয়েছিল অলিখিত ফাইনাল। সোমবার রাতের জয়ী দলের হাতেই উঠত ওয়ানডে সিরিজের ট্রফি।

শেষ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটের ব্যবধানে সহজে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে বাংলাদেশ সফরের আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালো ভাবেই সেরে রাখলো অস্ট্রেলিয়া।

কেনসিংটন ওভালে কিরোন পোলার্ডদের ১৫২ রানে গুটিয়ে দেয়ার পর ৬ উইকেটের বড় জয় তুলে নেওয়ার পাশাপাশি ওয়ানডে সিরিজটিও নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই জয়ে ভারত পাকিস্তানকে টপকে আইসিসি সুপার লিগ পয়েন্ট টেবিলের তিন নাম্বারে উঠে এসেছে অস্ট্রেলিয়া।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে এভিন লুইস চোটে পড়েন। হেলমেটে আঘাত পেয়ে চতুর্থ ওভারেই মাঠ ছাড়েন তিনি। ৬ রান করে ফিরে যান শিমরন হেটমায়ার, ৫১ রানের ব্যবধানে দ্রুত ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

আলজারি জোসেফকে নিয়ে সপ্তম উইকেটে চোট থেকে ফিরে ৪৪ রান যোগ করেন লুইস। পরে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় ১৫২ রানে। লুইস ৬৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। স্টার্ক ৩, হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা ও ওয়েস আগার ২ টি করে উইকেট নেন।

১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া শুরুতেই ১ রান করা হেনরিকসকে হারায়। আলজারি জোসেফ আরেক ওপেনার জশ ফিলিপকে ১০ রানে ফেরালে ২৭ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

দ্রুত দুই ওপেনার ফিরে গেলেও জয় পেতে কোন সমস্যাই হয়নি অজিদের, তৃতীয় উইকেটে আলেক্স ক্যারি ও মিচেল মার্শ ৩৮ রান যোগ করেন। ক্যারি ৩৫ ও মার্শ ২৯ রানে ফিরলেও ওয়েস আগারকে নিয়ে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ম্যাথু ওয়েড, তুলে নেন ফিফটি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১৫২/১০ (৪৫.১ ওভার; এভিন লুইস ৫১*, ড্যারেন ব্রাভো ১৮, আলজারি জোসেফ ১৫, মিচেল স্টার্ক ৩/৪৩, জশ হ্যাজেলউড ২/১৮, অ্যাডাম জাম্পা ২/২৯, ওয়েস আগার ২/৩১)।

অস্ট্রেলিয়া ১৫৩/৪ (৩০.৩ ওভার; জশোয়া ফিলিপে ১০, আলেক্স ক্যারি ৩৫, মিচেল মার্শ ২৯, ম্যাথু ওয়েড ৫১*, ওয়েস আগার ১৯*, আলজারি জোসেফ ১/১৪, আকিল হোসেন ১/২৯, শেলডন কটরেল ১/৩৪)।

সিরিজ সেরা: মিচেল স্টার্ক।
ম্যাচ সেরাঃ অ্যাস্টন আগার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »