নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অজিদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে পরাজিত হয়ে ওয়ানডে সিরিজ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বার্বাডোজে। তবে এই মাঠের সিরিজের পিচ দেখে চরম ক্ষুব্ধ ক্যারিবীয়রা। সিরিজ শেষে স্বাগতিক অধিনায়ক কাইরন পোলার্ড তার ক্ষোভ উগড়ে দিয়েছেন।
দ্বিতীয় ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। কিছু বুঝে ওঠার আগেই ধস নামে ক্যারিবীয় ব্যাটিং অর্ডারের। বার্বাডোজের উইকেটকে আন্তর্জাতিক ম্যাচের ‘উপযুক্ত’ মানছেন না কোনোভাবেই।
পোলার্ড বলেন,”আন্তর্জাতিক ক্রিকেটে এটা মেনে নেওয়া যায় না। আগের দুই ম্যাচেও পিচে সংগ্রাম করতে হয়েছে, আর এই ম্যাচের উইকেট তো আন্তর্জাতিক ক্রিকেটে অগ্রহণযোগ্য।’’
যদিও এই অভিযোগকে সিরিজ হারের অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ এই তারকা। তিনি বলেন,”আমরা একে অজুহাত বানাচ্ছি না। মেনে নিচ্ছি যে আমরা খুব বাজে ব্যাটিং করেছি। তবে সেন্ট লুসিয়া থেকে এখানে এসে এমন উইকেটে খেলা সত্যিই খুব হাস্যকর ছিল।”
