ক্রিকেটারদের পক্ষে সরব তামিম, বিসিবির আচরণে প্রকাশ্য প্রতিবাদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দেশের ঘরোয়া ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যে এবার সরাসরি ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে কণ্ঠ তুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ঢাকা লিগসহ বিভিন্ন বিভাগের ক্রিকেটারদের দাবি নিয়ে বিসিবিতে যাওয়ার ঘটনায় তাদের গেটের বাইরে আটকে রাখার অভিযোগ তুলে বিসিবির আচরণের কড়া সমালোচনা করেছেন তিনি।

রোববার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তামিম স্পষ্টভাবে জানান, ক্রিকেটাররাই বিসিবির সবচেয়ে বড় স্টেকহোল্ডার। অথচ যৌক্তিক দাবি জানাতে গিয়ে তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা একজন ক্রিকেটার হিসেবে তাকে গভীরভাবে হতাশ করেছে।

এর আগে শনিবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের প্রায় অর্ধশতাধিক ক্রিকেটার চার দফা দাবি নিয়ে বিসিবির সামনে মানববন্ধন করেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে আধাঘণ্টার বেশি সময় তারা দাঁড়িয়ে থাকলেও শুরুতে ভেতরে প্রবেশের সুযোগ পাননি। পরে সীমিত সংখ্যক ক্রিকেটারকে আলোচনায় ডাকা হলেও অনেকেই বাইরে আটকে থাকেন—যা নিয়েই আপত্তি তুলেছেন তামিম।

তামিম তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ক্রিকেটারদের দাবি জানানো তাদের অধিকার এবং সেই দাবির পেছনে রয়েছে বাস্তব ও যৌক্তিক কারণ। অথচ সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে তাদের গেটের বাইরে আটকে রাখা দুঃখজনক ও অপ্রত্যাশিত। একজন ক্রিকেটার হিসেবে এই ঘটনার প্রতিবাদ জানানোকে নিজের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

ক্রিকেটারদের এই প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসলেও তামিমের বক্তব্যে স্পষ্ট—সব ক্রিকেটারের প্রতি যে আচরণ করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তার এই অবস্থান আবারও দেখাল, মাঠের বাইরেও ক্রিকেটারদের অধিকার রক্ষায় তিনি কতটা সোচ্চার।

ঘরোয়া ক্রিকেট নিয়ে চলমান সংকটে তামিমের এই প্রতিবাদ শুধু একজন সাবেক অধিনায়কের মন্তব্য নয়, বরং ক্রিকেটার সমাজের পক্ষে শক্ত বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »