পদত্যাগের আগমুহূর্তে নির্বাচনি বিশেষ বরাদ্দ অনুমোদনের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পদত্যাগের ঠিক আগে নির্বাচনি বিশেষ বরাদ্দের একাধিক প্রস্তাব অনুমোদন করে যাওয়ার অভিযোগ উঠেছে সদ্য পদত্যাগকারী স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। নির্বাচন সামনে রেখে বিশেষ উদ্দেশ্যে এসব বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ, যা নির্বাচনে সমান প্রতিযোগিতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভেতরের নথি ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, আসিফ মাহমুদ দায়িত্বে থাকাকালীন সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা ও পরিষদকে লক্ষ্য করে বিপুল অঙ্কের বিশেষ বরাদ্দের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। অভিযোগ রয়েছে, এসব বরাদ্দের বড় একটি অংশ নির্দিষ্ট নির্বাচনি আসনকে ঘিরে এবং পছন্দের প্রার্থীদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই দেওয়া হয়েছে।

সূত্র জানায়, শুধু চলতি বরাদ্দ নয়—কিছু প্রকল্পের ক্ষেত্রে আগাম অনুমোদনও দিয়ে গেছেন তিনি, যেগুলোর অর্থ ছাড় হওয়ার কথা ছিল ২০২৬ সালের জানুয়ারিতে, তৃতীয় কিস্তি হিসেবে। নির্বাচন ঘনিয়ে আসায় এসব বরাদ্দের জিও জারি হলে তা নির্বাচনি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সারাদেশে প্রায় ৪১ কোটি ৫০ লাখ টাকার বিশেষ বরাদ্দ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্পের প্রতিটির বরাদ্দ ২০ লাখ থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত। অভিযোগ রয়েছে, এই বরাদ্দের বড় অংশ নগদ অর্থ হিসেবে নির্দিষ্ট এলাকায় পৌঁছালে তা সরাসরি নির্বাচনি কাজে ব্যবহৃত হওয়ার ঝুঁকি তৈরি করবে।

খুলনা অঞ্চলের কয়েকটি বরাদ্দ তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, একটি নির্দিষ্ট সংসদীয় আসনকে কেন্দ্র করে অস্বাভাবিক হারে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার একাধিক মসজিদ, মন্দির ও ধর্মীয় স্থাপনার সংস্কার প্রকল্পে ধারাবাহিকভাবে বরাদ্দের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যা একই নির্বাচনি আসনের অন্তর্ভুক্ত।

এদিকে অভিযোগ উঠেছে, আসিফ মাহমুদ পদত্যাগ করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার ঘনিষ্ঠ ব্যক্তিরা এখনও সক্রিয় রয়েছেন। তারা জিও জারির ক্ষেত্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতিতে নিরপেক্ষভাবে সরকারি বরাদ্দ বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

নির্বাচনের আগে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে উদ্দেশ্যপ্রণোদিত বরাদ্দের জিও জারি না করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাবেক উপদেষ্টার ঘনিষ্ঠদের দ্রুত সরানোর দাবিও জোরালো হচ্ছে।

উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের শ্রম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে তিনি গত ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »