নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২৩ বছর পর ফের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। ২০০৩ সালের সেই সফরের পর দীর্ঘ সময় অজিদের আতিথেয়তা পায়নি টাইগাররা। বর্তমান দলের কারও নেই অস্ট্রেলিয়ায় লাল বলে খেলার অভিজ্ঞতা। তাই ২০২৬ সালের আগস্টের এই সিরিজকে ঘিরে আগ্রহ যেমন বাড়ছে, তেমনই বদলে যাচ্ছে ম্যাচ আয়োজনের পরিকল্পনাও।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি আয়োজনের জন্য নতুন এক ভেন্যুকে সামনে এনে ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাকে অজিদের সম্ভাব্য ১২তম টেস্ট গ্রাউন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রায় ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুটি আধুনিক গ্র্যান্ডস্ট্যান্ড, সম্প্রচার সুবিধা এবং অত্যাধুনিক ট্রেনিং কমপ্লেক্স তৈরি করতে সম্প্রতি পেয়েছে রাজ্য সরকারের ২০ মিলিয়ন ডলারের তহবিল।
অস্ট্রেলিয়ান গ্রীষ্মের আগে সিরিজটি হওয়ায় প্রধান টেস্ট ভেন্যুগুলো ব্যস্ত থাকবে। তাই সিএ দেশের উষ্ণ উত্তরাঞ্চলে একাধিক বিকল্পের দিকে নজর দিয়েছে, যেখানে আবহাওয়া শীতকালেও ক্রিকেট খেলার উপযোগী থাকে। রিফ অ্যারেনার পাশাপাশি কেয়ার্নস, ডারউইন ও টাউনসভিলকেও আলোচনা তালিকায় রেখেছে বোর্ড। এর মধ্যে কেয়ার্নস ও ডারউইনে আগেও খেলেছে বাংলাদেশ দল।
ক্রিকেট নর্দার্ন টেরিটরির প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি আশা প্রকাশ করেছেন—ডারউইন ম্যাচগুলোর একটি আয়োজনের সুযোগ পেতে পারে। অন্যদিকে ম্যাকাইয়ের নতুন ভেন্যুটি ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে এর সামর্থ্য প্রমাণ করেছে। এবছর অস্ট্রেলিয়া পুরুষ দল এখানে খেলেছে দুটি ওয়ানডে। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়া–ভারত নারী সিরিজ এবং ২০২৪ সালে অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড নারী টি–টোয়েন্টিও হয়েছে এই মাঠে।
সব মিলিয়ে দুই দশকেরও বেশি সময় পর টাইগারদের অস্ট্রেলিয়া সফর ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। আর সেই উত্তেজনার কেন্দ্রে উঠে এসেছে নতুন ভেন্যু—যেখানে বাংলাদেশের নাম লেখা থাকতে পারে আরেকটি নতুন অধ্যায়ের শুরুতে।
