নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গ্যাবার মাঠে গতকাল এক অদ্ভুত দৃশ্য নজর কেড়েছে সবার—ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারকে দেখা গেছে হাতে বালিশ নিয়ে মাঠে হাঁটতে! চলতি অ্যাশেজে ইংল্যান্ডের ব্যাটিং-বোলিং ভরাডুবির মাঝে এই দৃশ্য যেন দলের বিভ্রান্ত চিত্রটাকেই আরও স্পষ্ট করেছে।
দিন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে। ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে মাঠে নেমে লোয়ার অর্ডারের জুটিতেই তারা লিডটা বড় করে নেয়। পরে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও ধারাবাহিকভাবে উইকেট তুলে নেয় স্টিভেন স্মিথের দল। ইনিংস হার এড়াতে এখনও প্রয়োজন ৪৩ রান।
এমন পরিস্থিতিতে আর্চারের বালিশ হাতে মাঠে আসা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই এটাকে দলের প্রতি উদাসীন মনোভাবের প্রতিচ্ছবি বলেই মনে করছেন। বল হাতেও দিনটা ভালো যায়নি তার—২৫ ওভার বল করে দিয়েছেন ৮৭ রান, উইকেট মাত্র একটি।
সাবেক অধিনায়ক মাইকেল ভন থেকে শুরু করে ম্যাথু হেডেন—অনেকেই কঠোর সমালোচনায় মুখর। হেডেনের মতে, কোনো পেশাদার ক্রিকেটারের পক্ষে মাঠে বালিশ নিয়ে প্রবেশ করা অবিশ্বাস্য ব্যাপার এবং প্রতিপক্ষ ব্যাটারদের উচিত এ ধরনের মনোযোগহীনতা কাজে লাগানো।
মাইকেল ভনের ভাষায়, বিষয়টি শুধু অদ্ভুতই নয়, ব্যাটারদের আরও বেশি আগ্রাসী হতে উৎসাহ জোগাতে পারে—
“যদি আমি ব্যাটার হতাম, এই দৃশ্য দেখেই খেলায় পুরো মন দিতাম। তাকে বলতাম—ওই বালিশে ঘুমানোর সুযোগ তুমি পাবে না।”
ইংল্যান্ড দলের সামগ্রিক দেহভঙ্গি নিয়েও তীব্র সমালোচনা করেন ভন। তার মতে, স্টোকসদের শরীরি ভাষায় ক্লান্তি ও উদাসীনতা স্পষ্ট, যা প্রতিপক্ষকে আরও সুবিধা করে দিচ্ছে। তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি সুযোগ কাজে লাগাতে হলে মানসিকভাবে সতেজ ও পুরো মনোযোগী থাকা ছাড়া উপায় নেই।
চলতি অ্যাশেজের মাঠে আর্চারের ‘বালিশ কাণ্ড’ তাই শুধু হাস্যরসের জন্ম দেয়নি, ইংল্যান্ড দলের ভেতরের ভাঙনটাকেও যেন নতুনভাবে প্রকাশ করে দিয়েছে।
