নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন বিপিএল মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে খেলার কথা ছিল ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীর। আগেও বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে তার। তবে শেষ মুহূর্তের জটিলতায় এইবার তাকে আর দেখা যাবে না। পারিশ্রমিকজনিত সমস্যার কারণে চুক্তি চূড়ান্ত হয়নি বলেই সরে দাঁড়িয়েছেন মঈন।
শুধু মঈন নন, সিলেট টাইটান্স থেকে বাদ গেছেন শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসও। তাকে ছেড়ে দেওয়ার পরপরই দলে ভিড়িয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। ফলে এবারের বিপিএলে নোয়াখালীর জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে মেন্ডিসকে।
মঈনের পাশাপাশি আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে আনার পরিকল্পনাও ছিল সিলেটের, কিন্তু তিনিও আসছেন না। নিলামের আগে সর্বোচ্চ দুইজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে ক্লাবগুলো—এই নীতির আওতায় সিলেট সরাসরি চুক্তি করেছে পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির এবং সাইম আইয়ুবকে। দেশিদের মধ্যে দলে ভিড়েছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ।
এবার পুরো কোচিং স্টাফও থাকছে দেশি কন্টিনজেন্সিতে। প্রধান কোচের দায়িত্বে থাকছেন সোহেল ইসলাম। সিনিয়র সহকারী কোচ ইমন মাহমুদ, আর ব্যাটিং কোচ হিসেবে প্রথমবারের মতো কোচিংয়ে নাম লিখিয়েছেন বিপিএলের অন্যতম সফল অধিনায়ক ইমরুল কায়েস। বোলিং কোচ হিসেবে থাকছেন সাবেক জাতীয় পেসার সৈয়দ রাসেল।
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। আর ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াবে নতুন মৌসুম।
