নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লাতিন আমেরিকার দুই মহাশক্তি ফুটবলে যুগ যুগ ধরে দাপট দেখিয়ে এসেছে। সেই আর্জেন্টিনা–ব্রাজিল এখন ক্রিকেটেও শুরু করেছে নতুন লড়াই। তবে মাঠের পারফরম্যান্স বলছে—এই লড়াইয়ে আপাতত ব্রাজিলের কোনো জবাব নেই। বুয়েন্স আইরেসে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা, জয় এসেছে সহজ ৮ উইকেটে।
শুক্রবার রাতে টস জিতে আগে ব্যাট করে ব্রাজিল পারল মাত্র ১০৯ রান তুলতে। দুই ওপেনার ছাড়া আর কেউই দৃশ্যপটে নেই। লুইস মোরাইস ৫৫ বলে ৫১ রানে অপরাজিত থাকলেও অন্য প্রান্তে সঙ্গ পাননি কারও। রেজাউল করিমের ব্যাট থেকে আসে ১৭ রান; বাকিরা দুই অঙ্কেও পৌঁছাতে ব্যর্থ।
আর্জেন্টিনার বোলাররা পুরো ইনিংসজুড়ে ব্রাজিলকে চাপে রেখে খেলেছে। লুকাস রসি ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট; এর মধ্যে একটি ওভার ছিল মেডেন। তাঁর সঙ্গী অগাস্টিন রিভেরো নেন ২ উইকেট।
১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আর্জেন্টিনা শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অধিনায়ক পেদ্রো বেরন সামনে থেকে নেতৃত্ব দেন দুর্দান্ত ফিফটিতে। ৭ চার ও ১ ছক্কার মিশেলে ৪২ বলে খেলেন ৫৩ রানের আত্মবিশ্বাসী এক ইনিংস। তাঁর সঙ্গে আলেজান্দ্রো ফার্গুসনের ২৩ এবং অ্যালান কির্সবমের ১৭ রানে ১৪.৫ ওভারেই জয় নিশ্চিত করে দল।
এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা বাড়িয়ে নিল ব্রাজিলের বিপক্ষে তাদের আধিপত্য। মুখোমুখি তিন টি–টোয়েন্টিতে সবকটিতেই জিতেছে আর্জেন্টিনা। ক্রমে দুই দলের অভিজ্ঞ আন্তর্জাতিক ম্যাচ সংখ্যাও বাড়ছে—এখন পর্যন্ত ২৯ টি–টোয়েন্টি খেলেছে আর্জেন্টিনা, যেখানে জয়ের সংখ্যা ১৭; ব্রাজিল ১৬ ম্যাচে জিতেছে মাত্র ৪টি।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম লড়াই নিজেদের করে নেওয়ায় ১–০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা। ব্রাজিলের সামনে সুযোগ আছে ফিরয়ে আনার। দুই দল আবার মুখোমুখি হবে শনিবার, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
