নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘদিন পর জিম্বাবুয়েতে ফিরতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকা সফরের আগে আফ্রিকার এই দেশেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। কয়েক সপ্তাহের মধ্যেই সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের সুযোগ জিম্বাবুয়ে খুব কমই পায়। সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। দ্বিপাক্ষিক সিরিজ তো আরও দুর্লভ। সেই সুযোগই এবার খুলে যাচ্ছে। সম্ভাব্য সিরিজটি অনুষ্ঠিত হবে হারারে ও বুলাওয়েতে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে—যেখানে কন্ডিশন বড় ভূমিকা রাখবে। তাই বিশ্বকাপের আগে উইকেট, আবহাওয়া ও পরিবেশ বুঝে নিতে এই সিরিজকে অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে।
জিম্বাবুয়ে ক্রিকেট চাইছিল সফরে একটি টেস্ট ম্যাচও যুক্ত করতে। তবে আগামী দুই বছরের ঠাসা সূচির কারণে অস্ট্রেলিয়া তাতে আগ্রহ দেখায়নি। ২০২৬ মাঝামাঝি থেকে ২০২৭ অ্যাশেজ পর্যন্ত অন্তত ১৯টি টেস্ট খেলতে হবে প্যাট কামিন্সদের।
ইতিহাস বলছে, দুই দল মোটে তিনটি টেস্ট খেলেছে। সর্বশেষ সিরিজ হয়েছে ২০০৩ সালে—যেখানে প্রথম ম্যাচেই ওয়াকায় ৩৮০ রানের বিশ্ব রেকর্ড গড়েছিলেন ম্যাথু হেইডেন। জিম্বাবুয়ের মাটিতে একমাত্র টেস্ট হয়েছিল আরও আগে, ১৯৯৯ সালে।
অস্ট্রেলিয়া শেষবার জিম্বাবুয়েতে ওয়ানডে খেলেছে ২০১৪ সালে, আর সাম্প্রতিক সফর ছিল ২০১৮ সালের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে।
টেস্ট ক্রিকেটে নতুন প্রাণ আনতে জিম্বাবুয়ে ক্রিকেট এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের আশা—২০২৬ সালের শেষ বা ২০২৭ শুরুর দিকে দক্ষিণ আফ্রিকা সফর শেষে ইংল্যান্ড একটি টেস্ট খেলতে জিম্বাবুয়ে আসতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে ভিক্টোরিয়া ফলসের নতুন আন্তর্জাতিক স্টেডিয়ামকে।
