নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নতুন মৌসুম শুরুর আগেই দলে দারুণ পরিবর্তন আনল লখনৌ সুপারজায়ান্টস। নিলামের আগ মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদ থেকে ভারতীয় অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে দলে ভেড়াল লখনৌ। আইপিএলের ট্রেডিং উইন্ডোতে শনিবার এ ঘোষণা দেয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
হায়দরাবাদ গত মৌসুমে ১০ কোটি রুপিতে শামিকে দিয়েছিল চুক্তি। একই অঙ্কে এবার তাকে দলে টেনে নেয় লখনৌ। ফলে আসন্ন আইপিএলে নতুন জার্সিতে দেখা যাবে ভারতের অন্যতম সফল পেসারকে।
২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিষেক করা শামি এখন পর্যন্ত পাঁচটি দলের প্রতিনিধিত্ব করেছেন। গুজরাট টাইটান্সের সঙ্গে ২০২২ সালে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেই মৌসুমে শামির ঝুলিতে ছিল ২০ উইকেট।
আরও উজ্জ্বল ছিলেন ২০২৩–এ—পুরো আসরে ২৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপ তুলে নেন এই পেসার।
চোটের কারণে ২০২৪ মৌসুম পুরোটা মিস করার পর ২০২৫ সালে হায়দরাবাদের হয়ে মাত্র ৯ ম্যাচে ৬ উইকেট পান। তাই শামির জন্যও এই বদলি দল যেন নতুন করে ফিরে আসার সুযোগ।
সব মিলিয়ে লখনৌয়ের হয়ে শুরু হচ্ছে শামির আইপিএলের নতুন অধ্যায়। এখন দেখার বিষয়, নতুন পরিবেশে কতটা ছন্দে ফিরতে পারেন ভারতীয় এই তারকা পেসার।
