নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অ্যাশেজের ঠিক দোরগোড়ায় এসে চোট–বিপর্যয়ে টালমাটাল অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স আর শন অ্যাবটকে আগেই হারিয়েছে দল, এবার হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেলেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে—২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে শুধু খেলবেনই না, দলের সঙ্গে ভ্রমণও করছেন না তিনি।
ভারতের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজ আর শেফিল্ড শিল্ড—দুই জায়গাতেই দারুণ ছন্দে ছিলেন হ্যাজেলউড। কিন্তু নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে শেষ শিল্ড ম্যাচে বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি টের পান। স্পেল শেষে বিষয়টি অধিনায়ক স্টিভ স্মিথকে জানান তিনি, আর তৎক্ষণাৎ তাকে মাঠ ছাড়তে বলা হয়।
প্রাথমিক স্ক্যান স্বাভাবিক এলেও পরে ফলো-আপ স্ক্যানে ধরা পড়ে লো-গ্রেড চোট, যা এড়িয়ে যাওয়া অসম্ভব।
এই অবস্থায় দ্রুত দলে যোগ দিচ্ছেন মাইকেল নেসার। ঘরের মাঠে কামিন্স ও হ্যাজেলউডকে ছাড়া টেস্ট খেলাটা বিরল ঘটনা অস্ট্রেলিয়ার জন্য—২০১৪ সালের পর মাত্র দু’বার এমন হয়েছে, আর কাকতালীয়ভাবে সেই দুই ম্যাচেই খেলেছিলেন নেসার।
অন্যদিকে ইংল্যান্ড শিবিরেও এক ঝটকা এসেছিল। লায়ন্সদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মার্ক উড হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছিলেন। তবে ইসিবি জানিয়েছে—সম্পূর্ণ সুস্থ আছেন উড, এবং অ্যাশেজ শুরুর আগেই তাকে নিয়ে আর কোনো শঙ্কা নেই।
অ্যাশেজের আগে টানা তিন পেসার হারানো অস্ট্রেলিয়ার জন্য নিঃসন্দেহে বড় মাথাব্যথা। এখন দেখার বিষয়—পার্থে প্রথম টেস্টে নতুন বোলিং কম্বিনেশন কতটা সামাল দিতে পারে ঐতিহ্যবাহী এই লড়াইকে।
