নিরাপত্তা আতঙ্কে পাকিস্তান সফর ভাঙতে চায় শ্রীলঙ্কা দল!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে শেষে মাঠের ভেতর নয়, এবার তোলপাড় মাঠের বাইরে। পাকিস্তান সফরে থাকা শ্রীলঙ্কা দলের একাংশ নাকি সিরিজ শেষ না করেই দেশে ফিরতে চান! এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরই হওয়ার কথা ছিল একটি ত্রিদেশীয় টি–টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু ইসলামাবাদে আদালতের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় পুরো সফরই এখন অনিশ্চিত। ওই ঘটনার পর থেকেই শ্রীলঙ্কা দলের কয়েকজন খেলোয়াড় নাকি নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কায় ভুগছেন। কেউ কেউ সরাসরিই জানিয়েছেন, দেশে ফিরতে চান তারা।

এই সংকট সামাল দিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নেমেছে তৎপরতায়। বোর্ড চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আজ শ্রীলঙ্কা দলের সঙ্গে সরাসরি বৈঠক করবেন—খেলোয়াড়দের আশ্বস্ত করতে এবং নিরাপত্তা নিয়ে নিশ্চিত বার্তা দিতে।

ইতিমধ্যে ইসলামাবাদে শ্রীলঙ্কার হাইকমিশনার ফ্রেড সিরিওয়ারার সঙ্গে বৈঠকও করেছেন নাকভি। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ প্রধান ও প্রধান কমিশনার। বৈঠক শেষে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, “শ্রীলঙ্কা দল রাষ্ট্রীয় অতিথি হিসেবে সর্বোচ্চ নিরাপত্তায় রয়েছে। তাদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের প্রথম অগ্রাধিকার।”

শ্রীলঙ্কার হাইকমিশনারও পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সম্প্রতি হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শোক জানাই। পাকিস্তান সরকারের নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট।”

তবু দলের ভেতরের অস্থিরতা এখনো কাটেনি। আগামী ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তান ১–০ তে এগিয়ে থাকলেও, যদি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের পাশে দাঁড়ায়, তাহলে সিরিজ স্থগিত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘ সময় পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে ছিল নির্বাসনে। আর এখন যদি ১৬ বছর পর আবারও নিরাপত্তা আতঙ্কে সফর থেমে যায়—তাহলে সেটা পাকিস্তান ক্রিকেটের জন্য হবে এক বড় ধাক্কা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »