রশিদ খানের নতুন জীবন: তিন মাস আগের বিয়ে এবার ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আফগানিস্তানের লেগ স্পিন মাস্টার ও টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান অবশেষে নিজের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনলেন। গত কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল, যা এবার তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন। রশিদ জানিয়েছেন, ২০২৫ সালের ২ আগস্ট তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।

পোস্টে রশিদ লিখেছেন, তিনি এমন একজনকে বিয়ে করেছেন, যিনি ভালোবাসা ও শান্তিতে তার জীবন ভরে তুলতে সক্ষম। যদিও স্ত্রীর ছবি প্রকাশ করা হয়নি, তবু রশিদ পরিষ্কার করে দিয়েছেন যে সম্প্রতি নেদারল্যান্ডসে অনুষ্ঠিত একটি চ্যারিটি ইভেন্টে ভাইরাল হওয়া ছবি নিয়েই নানা ভুল ধারণা তৈরি হয়েছিল। তিনি জানিয়েছেন, ওই নারীই তার স্ত্রী এবং এখানে কোনো গোপনীয়তা নেই।

রশিদের প্রথম বিয়ে হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে। সেই অনুষ্ঠানে তার তিন ভাইও একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। আফগান দলের সহ-খেলোয়াড় মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, রহমত শাহ ও ফজল হক ফারুকিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

রশিদের এই ঘোষণা তার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। যদিও তিন মাস আগে তিনি গোপনভাবে বিয়ে করেছেন, এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই খবরটি নিশ্চিত করায় সব বিভ্রান্তি শেষ হলো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »