একাদশে চার বিদেশি রাখার সুযোগ থাকছে বিপিএলে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর ঘিরে গুঞ্জন উঠেছিল— এবারে নাকি একাদশে চারজন নয়, তিনজন বিদেশি ক্রিকেটার খেলবেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে। সংস্থাটি নিশ্চিত করেছে, দল কমলেও মাঠে নামবে চার বিদেশিই।

বিসিবির নীতিমালা অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ২২ জন ক্রিকেটার ও ১২ জন কর্মকর্তা নিয়ে মাঠে নামতে পারবে। দীর্ঘ ১২ বছর পর বিপিএলে ফিরছে নিলাম পদ্ধতি, যা আসছে ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। গত কয়েক আসরে খেলোয়াড় বাছাই করা হয়েছিল ড্রাফটের মাধ্যমে, এবার নিলামের মাধ্যমে দল গড়বে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি।

নতুন নিয়মে প্রতিটি দলকে নিলাম থেকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ও অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার দলে নিতে হবে। পাশাপাশি নিলামের আগে সর্বোচ্চ দুইজন স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগও থাকবে।

এরই মধ্যে গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত সভায় পাঁচ দলের মালিকানা চূড়ান্ত করেছে বিসিবি। রংপুর রাইডার্স পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী পেয়েছে নাবিল গ্রুপ, সিলেটের মালিকানা গেছে ক্রিকেট উইথ সামি-র হাতে এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

নিলাম পদ্ধতির প্রত্যাবর্তনে বিপিএলে নতুন উন্মাদনা তৈরি হয়েছে। এখন শুধু অপেক্ষা, ২১ নভেম্বরের নিলাম কেমন জমে ওঠে, আর কোন দল এবার নতুন করে আলো ছড়ায় মাঠে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »