নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নারী ক্রিকেটে চলমান অভিযোগ-তদন্তের ঝড়ের মধ্যে এবার সরব হয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পর যে ঝড় বইছে, তাতে তামিম আবারও ভুক্তভোগী নারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
আজ (সোমবার) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম লেখেন, “জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা খুবই আশাব্যঞ্জক। কিন্তু এখনও সরকার বা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কোনো কমিটি গঠন করা হয়নি—এটা দুঃখজনক।”
তিনি উল্লেখ করেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের অনেকে বিসিবির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাই বিসিবির তদন্ত কমিটিকে ঘিরে নানা প্রশ্ন থেকেই যাচ্ছে। তামিমের মতে, ন্যায্য তদন্তের জন্য এখন সবচেয়ে জরুরি হলো একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা, যেখানে বিসিবির কেউ থাকবে না; বরং নারী অধিকারকর্মী, মনস্তত্ত্ববিদ ও যৌন হয়রানিবিরোধী বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে হবে।
তামিম লেখেন, “যারা সাহস করে মুখ খুলেছেন, তাদের প্রতি আমার সবটুকু সম্মান। আর যারা এখনও ভয় বা সংকোচে চুপ আছেন, তাদের বলছি—‘ইটস নেভার টু লেট’। আওয়াজ তুলুন, আমরা থাকব পাশে।”
নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও তামিম স্পষ্ট বার্তা দিয়েছেন—“বিসিবিতে এখন একটা স্লোগান চলছে, ‘ক্রিকেট ফর অল’। কিন্তু তার আগে ‘সেফটি ফর অল’ নিশ্চিত করা দরকার।”
শেষে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশনের দায়িত্বও সবচেয়ে বেশি। তাই কেবল ক্রিকেট নয়, দেশের প্রতিটি খেলাকেই সম্মান ও নিরাপত্তা দিতে হবে।
তামিমের এই অবস্থান দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, এমন সময়ের এই বক্তব্য শুধু নারী ক্রিকেটারদের মনোবলই বাড়াবে না, বরং ক্রিকেট প্রশাসনকেও আরও জবাবদিহিতার দিকে ঠেলে দেবে।
