নিষিদ্ধ জুয়ার অ্যাপের বিজ্ঞাপন: ধাওয়ান-রায়নার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের সাবেক দুই তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নিষিদ্ধ অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘ওয়ানএক্সবেট’-এর প্রচার ও অর্থপাচার মামলায় এই দুই ক্রিকেটারের মোট ১১ কোটি ১৪ লাখ রুপির সম্পদ জব্দ করেছে সংস্থাটি।

ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো জানিয়েছে, ইডির তদন্তে উঠে এসেছে—ধাওয়ান ও রায়না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাজির অ্যাপটির প্রচারণায় অংশ নিয়েছিলেন। মূল অ্যাপের নাম আড়াল করতে তারা ‘ওয়ানএক্সব্যাট স্পোর্টিং লাইনস’ নামে একাধিক প্রমোশনাল কার্যক্রমে যুক্ত ছিলেন। যদিও তারা সরাসরি অর্থ নেননি, তবু তাদের নামে সম্পত্তি ও বিনিয়োগ হয়েছে বিপুল পরিমাণ টাকায়।

ইডির দাবি, রায়নার নামে ৬ কোটি ৬৪ লাখ রুপির মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করা হয়েছিল, আর ধাওয়ানের সম্পত্তির পরিমাণ প্রায় ৪ কোটি ৫০ লাখ রুপি। সব লেনদেনকেই অবৈধ বলে চিহ্নিত করেছে সংস্থাটি।

ইডি বলছে, ওয়ানএক্সবেট ভারত থেকে অবৈধভাবে এক হাজার কোটি রুপিরও বেশি অর্থ পাচার করেছে। এসব অর্থের বড় অংশ বিদেশে পাচার হয়েছে, যার সামান্য অংশই এখন পর্যন্ত উদ্ধার সম্ভব হয়েছে।

এই ঘটনার পর বাজির অ্যাপগুলোর বিজ্ঞাপন ও ক্রীড়াবিদদের সম্পৃক্ততা নিয়ে ভারতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

উল্লেখ্য, একই প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে এর আগে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকেও দেখা গিয়েছিল, যা নিয়েও সমালোচনা হয়েছিল দুই দেশের ক্রিকেট মহলে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »