নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলমের সাম্প্রতিক অভিযোগে সরগরম দেশের ক্রীড়াঙ্গন। জাতীয় দলের ড্রেসিংরুমে যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তোলার পর বিষয়টি এখন আনুষ্ঠানিক তদন্তে যাচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাতীয় নারী দলের এক সাবেক ক্রিকেটারের করা অভিযোগগুলো বোর্ড গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছে। অভিযোগগুলোর মধ্যে দলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের ইঙ্গিত পাওয়া গেছে। এই অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা ১৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে।
বিসিবি জানিয়েছে, “বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা করে বোর্ড সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়টি যাচাই করতে প্রতিশ্রুতিবদ্ধ। সব খেলোয়াড় ও কর্মকর্তা-কর্মচারীর জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ বজায় রাখাই বিসিবির অঙ্গীকার।”
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে নীরব থাকার আহ্বান জানিয়েছে বোর্ড। একইসঙ্গে গণমাধ্যমকে অনুমাননির্ভর কোনো প্রতিবেদন না করার অনুরোধ জানিয়েছে তারা, যাতে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত না হয়।
এর আগে এক সাক্ষাৎকারে জাহানারা নারী দলের ড্রেসিংরুমে নানা অনিয়ম, অব্যবস্থাপনা এবং ব্যক্তিগত পর্যায়ের হয়রানির অভিযোগ আনেন। প্রথমে বিসিবি অভিযোগগুলো “ভিত্তিহীন” বলে উড়িয়ে দিলেও, দ্বিতীয় সাক্ষাৎকারে আরও স্পর্শকাতর তথ্য প্রকাশের পর ঘটনাটি তদন্তের আওতায় আনা হয়। অভিযোগের তীরে রয়েছেন নারী দলের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা, যাদের মধ্যে আছেন কোচ মঞ্জুরুল ইসলাম মঞ্জুও।
বোর্ডের এই পদক্ষেপকে অনেকেই দেখছেন বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে—যেখানে খেলোয়াড়দের নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি অবশেষে গুরুত্বের সঙ্গে বিবেচনায় আসছে।
