এশিয়া কাপের ট্রফি ফেরত না পেলে আইসিসিতে অভিযোগ জানাবে ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন এবার পৌঁছেছে আইসিসির টেবিলে। এশিয়া কাপ জয়ের এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও ট্রফি হাতে পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিসিসিআই জানিয়েছে— আগামী দুই দিনের মধ্যে ট্রফি না পেলে তারা আনুষ্ঠানিকভাবে আইসিসিতে অভিযোগ জানাবে।

আগামী মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইসিসির সভা। সাধারণত এই সভায় ক্রিকেটের নীতি, টুর্নামেন্ট কাঠামো ও আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে এশিয়া কাপের ট্রফি বিতর্ক।

বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, “হ্যাঁ, আমরা কিছুটা অসন্তুষ্ট যে, এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ট্রফি আমাদের হাতে আসেনি। এসিসি সভাপতির কাছে আমরা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি, কিন্তু কোনো জবাব পাইনি। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই ট্রফি মুম্বাইয়ে পৌঁছে যাবে।”

তবে সাইকিয়া স্পষ্ট করে বলেন, “সময় ফুরিয়ে এলে আমরা বিষয়টি আইসিসির সভায় তুলব। ভারতীয় জনগণকে নিশ্চয়তা দিচ্ছি— ট্রফি ভারতেরই, এবং তা ফেরত আসবেই।”

উল্লেখ্য, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। কিন্তু এসিসি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। সেই ঘটনার পর থেকেই ট্রফি পাকিস্তানের কাছেই রয়েছে।

ফাইনালের দিন থেকেই দুই বোর্ডের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফি গ্রহণ না করা, সংবাদ সম্মেলন বর্জন, এমনকি খেলোয়াড়দের হাত না মেলানো— সব মিলিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব এখন নতুন মাত্রা পেয়েছে।
এশিয়া কাপের ট্রফি ইস্যু নিয়েই এবার সরাসরি আইসিসির দ্বারস্থ হতে যাচ্ছে ভারত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »