বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড, ঘোষণা হলো পূর্ণাঙ্গ সূচি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এপ্রিল ২০২৩-এর পর আবারও বাংলাদেশে পা রাখতে চলেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে এই সফরের পূর্ণাঙ্গ সূচি। টেস্ট ও টি-টোয়েন্টি — দুই ফরম্যাটেই মুখোমুখি হবে দুই দল।

সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড দল। দুই দিন অনুশীলনের পর  ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ১৯ নভেম্বর থেকে।

এই সিরিজ দিয়েই এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে চলেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ইনজুরিমুক্ত থেকে যদি দুই ম্যাচেই মাঠে নামতে পারেন, তাহলে তিনিই হবেন দেশের প্রথম ক্রিকেটার, যিনি ১০০টি টেস্ট ম্যাচ খেলার কীর্তি গড়বেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি হবে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আসন্ন এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বিসিবি। ঘরের মাঠে সফলতার ধারা বজায় রাখতে চায় টাইগাররা, আর আইরিশরা চাইবে নিজেদের শেষ সফরের স্মৃতি মুছে নতুন ইতিহাস রচনার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »