নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, রাজনীতিতে নয়, বরং দেশের খেলাধুলার সার্বিক উন্নয়নেই নিজেকে নিবেদিত রাখতে চান তিনি। শুক্রবার বিকেলে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা বালুর মাঠে অনুষ্ঠিত বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তামিম এই প্রত্যয় ব্যক্ত করেন।
তামিম বলেন, “আমি সবসময় চাই দেশের ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলা এগিয়ে যাক। রাজনীতির পথে নয়, আমি খেলাধুলার উন্নয়নের পথেই থাকতে চাই।” একই সঙ্গে শারীরিক অসুস্থতার কারণে আসন্ন বিপিএলে অংশ নেওয়ার সম্ভাবনা কম বলেও জানান এই অভিজ্ঞ ওপেনার।
বগুড়া ফুটবল একাডেমির (বিএফএ) আয়োজনে ইউনিয়ন পর্যায় থেকে সেরা ২০ জন ফুটবলার বাছাইয়ের লক্ষ্যে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ফাইনালে বিদ্যুৎ বয়েজ ক্লাব ১–০ গোলে তরুণ যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের নবম মিনিটেই স্ট্রাইকার হুজাইফার হেডে গোল করে দলকে জয়ের আনন্দ এনে দেন।
তামিমকে এক নজর দেখতে মাঠজুড়ে ছিল উপচে পড়া দর্শকের ভিড়। আশপাশের গাছের ডাল থেকে শুরু করে ভবনের ছাদেও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন উদ্বোধনী বক্তব্যে বলেন, “ক্রিকেটের পাশাপাশি ফুটবলেরও দেশজুড়ে উত্থান ঘটাতে হবে। স্থানীয় পর্যায়ে এমন টুর্নামেন্টই নতুন প্রতিভা খুঁজে বের করার পথ খুলে দেয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতির সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল এবং বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।
বগুড়া ফুটবল একাডেমির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে একটি ষাঁড় গরু ও রানার্সআপ দলকে একটি ছাগলসহ ট্রফি তুলে দেওয়া হয়। অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, দেশের বিভিন্ন প্রান্তে এমন উদ্যোগ অব্যাহত থাকলে তৃণমূলের খেলোয়াড়রাই একদিন জাতীয় দলে জায়গা করে নেবে।
