নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়ানডে সিরিজে দারুণ জয় পেলেও টি-টোয়েন্টিতে ঠিক উল্টো চিত্র বাংলাদেশ দলের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ইতিমধ্যেই প্রথম দুটি হেরে সিরিজ খুইয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। আজ তাই শেষ ম্যাচটি হয়ে উঠেছে সম্মান রক্ষার লড়াই।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাই আজ জিতলেই তারা পাবে হোয়াইটওয়াশের স্বাদ, আর বাংলাদেশ চায় শেষ ম্যাচে জিতে লজ্জা এড়াতে।
প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১৬ রানে হারে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে নামলেও নির্ভরযোগ্য পারফরম্যান্স আসেনি কোনো ব্যাটারের কাছ থেকে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচেও পুনরাবৃত্তি ঘটে সেই ব্যর্থতার—শেষ তিন ওভারে ৩৩ রান দরকার থাকলেও ৫ উইকেট হারিয়ে ১৮ রানের বেশি তুলতে পারেনি টাইগাররা। ফলে ১৪ রানে হেরে সিরিজ নিশ্চিত হয় ক্যারিবীয়দের।
এবার ওয়েস্ট ইন্ডিজের টার্গেট স্পষ্ট—বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নেওয়া। কারণ, ২০২৪ সালের ডিসেম্বরে ঘরের মাঠে এই বাংলাদেশই তাদের ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছিল। সেই ক্ষত ভুলতে পারেনি ক্যারিবীয়রা। দলের ওপেনার অ্যালিক আথানাজে স্পষ্টই বলেছেন,
হ্যাঁ, আমরা বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চাই। কাউকে হালকাভাবে নিচ্ছি না, শেষ ম্যাচে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।”
এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২১টি টি-টোয়েন্টিতে—বাংলাদেশ জিতেছে ৮টিতে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১১ ম্যাচে, আর দুইটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
আজকের ম্যাচে বাংলাদেশ দল পরিবর্তনের পথে যেতে পারে। ব্যাটিং অর্ডারে রদবদল আসতে পারে, সুযোগ মিলতে পারে নতুন কারও। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ চায় জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে।
চট্টগ্রামের গ্যালারি প্রস্তুত আরেকটি লড়াইয়ের জন্য—যেখানে একপাশে ওয়েস্ট ইন্ডিজের ‘প্রতিশোধ মিশন’, অন্যপাশে বাংলাদেশের ‘সম্মান বাঁচানোর লড়াই’।
