নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তান সিরিজ শেষ হতেই নতুন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। হোম কন্ডিশনে এবার মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঢাকায় শুরু হতে যাওয়া এই সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ইতোমধ্যেই চোখে পড়ছে।
যারা মাঠে গিয়ে খেলায় গ্যালারির উন্মাদনা উপভোগ করতে চান, তাদের জন্য টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ অনলাইনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা অনুযায়ী, টিকিট পাওয়া যাচ্ছে ওয়েবসাইট gobcbticket.com.bd-এ। চাইলে প্লে-স্টোর থেকে ‘গো বিসিবি টিকিট’ অ্যাপ ডাউনলোড করেও টিকিট কেনা যাবে।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে বিভিন্ন শ্রেণিতে। সবচেয়ে কম দামে ইস্টার্ন গ্যালারির টিকিট, মাত্র ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা। ক্লাব হাউজের টিকিট ৮০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ও আপারের টিকিট ২,৫০০ টাকা। সবচেয়ে বেশি মূল্যের টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার দাম ৩,৫০০ টাকা। এছাড়া নর্থ মিডিয়া ব্লকের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা।
যারা মাঠে যেতে পারবেন না, তাদের জন্যও রয়েছে সরাসরি সম্প্রচারের সুযোগ। পুরো সিরিজটি দেখা যাবে নাগরিক টিভি ও টি স্পোর্টস-এ। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ-এর মাধ্যমে।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৮ অক্টোবর, দ্বিতীয় ম্যাচ ২১ অক্টোবর, আর শেষ ওয়ানডে ২৩ অক্টোবর— তিনটিই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই দল যাবে চট্টগ্রামে, যেখানে শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। টি–টোয়েন্টির প্রথম ম্যাচ ২৭ অক্টোবর, দ্বিতীয় ম্যাচ ২৯ অক্টোবর, আর শেষ ম্যাচ মাঠে গড়াবে ৩১ অক্টোবর।
দেশের ক্রিকেটপ্রেমীরা তাই আবারও প্রস্তুত, মিরপুর ও চট্টগ্রামে বাংলাদেশকে সমর্থন জানাতে। নতুন সিরিজ, নতুন আশা— এবারও জয়ের প্রত্যাশায় বাংলাদেশ।
