ভারত সিরিজের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ায়, চোটে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া দল। ইনজুরির কারণে তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। অনুশীলনের সময় কোমরের পাশের মাংসপেশিতে টান পড়ায় সিরিজে খেলতে পারবেন না তিনি—বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এর আগেই পারিবারিক কারণে দল থেকে সরে দাঁড়িয়েছিলেন জশ ইংলিস ও অ্যাডাম জাম্পা। এবার গ্রিনের চোটে আরও বিপাকে পড়ল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। তবে সুখবর হচ্ছে—গ্রিনের চোট গুরুতর নয়। সংক্ষিপ্ত পুনর্বাসন শেষে শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ডে ফেরার আশা করা হচ্ছে তার, যাতে অ্যাশেজের জন্য প্রস্তুতি অব্যাহত রাখতে পারেন।

গ্রিনের জায়গায় দলে ডাকা হয়েছে মার্নাস লাবুশেনকে। শেফিল্ড শিল্ডে অংশ নিয়ে অ্যাডিলেড থেকে পার্থে যোগ দেবেন তিনি। এরপরই ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া।

চোট কাটিয়ে সম্প্রতি আবারও বল হাতে ফিরেছিলেন ক্যামেরন গ্রিন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকলেও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শিল্ড ম্যাচে অংশ নেন তিনি। চার ওভার বল করে একটি উইকেটও নিয়েছিলেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

তার অনুপস্থিতিতে প্রথম ওয়ানডেতে অভিষেক হতে পারে ম্যাথিউ রেনশরের। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা বাঁহাতি ব্যাটার শেষ চার ম্যাচে ৫০ গড়ে রান করেছেন। দুই বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রেনশ ভারতের বিপক্ষে চার নম্বরে ব্যাটিংয়ে নামতে পারেন।

চোটের থাবায় একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারানোয় সিরিজ শুরুর আগেই দলে নেমেছে চিন্তার ভাঁজ। ভারত সফর এখন অস্ট্রেলিয়ার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »