পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ালো আফগানিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নেমে এলো এক হৃদয়বিদারক খবর। সামরিক সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছে এখন খেলাধুলার মাঠেও। পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট দল।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একাধিক স্থানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন তিন আফগান ক্রিকেটার, যারা স্থানীয়ভাবে ‘ফ্রেন্ডলি ম্যাচ’ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া বিবৃতিতে বোর্ড জানায়, “তিনজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের মৃত্যু আমাদের ক্রীড়া পরিবারে এক অপূরণীয় ক্ষতি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। এবারই প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে নামার কথা ছিল আফগানদের। কিন্তু সীমান্ত উত্তেজনা ও প্রাণহানির ঘটনায় তা আর সম্ভব হচ্ছে না।

গত কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘাত চলছে। একের পর এক বিমান হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এমন প্রেক্ষাপটে এই সিরিজ আয়োজন নিয়েই প্রশ্ন উঠেছিল শুরুতে, অবশেষে আফগানিস্তানের এই সিদ্ধান্তে তা আনুষ্ঠানিকভাবে বাতিল হলো।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, দুই দেশের রাজনৈতিক ও সামরিক সম্পর্কের এই টানাপোড়েন ক্রিকেটেও গভীর ছায়া ফেলছে। খেলাধুলা, যা একসময় দুই দেশের মধ্যে সৌহার্দ্যের সেতুবন্ধন ছিল, এখন তা পরিণত হয়েছে শোক ও ক্ষোভের প্রতীকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »