তিন দিনে দুই লজ্জা: আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়ে রেকর্ডবইতে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাত্র তিন দিনের ব্যবধানে দুইবার লজ্জার রেকর্ড ভেঙেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেয়ে একের পর এক ব্যাটিং বিপর্যয়ের নজির গড়েছে মেহেদী হাসান মিরাজের দল।

একসময় যাদের বিপক্ষে সিরিজ হারার কথা ভাবাই যেত না, সেই আফগানিস্তান এখন বাংলাদেশের জন্য আতঙ্কের নাম। দুই বছর আগেও আফগানদের বিপক্ষে কখনও ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। কিন্তু ২০২৩ সালে সেই বাধা ভাঙে রশিদ খানরা। এবার যেন তারই আরও নির্মম পুনরাবৃত্তি। ২০২৪ সালে সিরিজ হেরে বসে বাংলাদেশ, আর এবার ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে অপমানজনক ইতিহাসে নাম লেখায় তারা।

এই সিরিজে ব্যাটিং বিপর্যয়ের শুরু দ্বিতীয় ওয়ানডেতে। ১৯০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় ১০৯ রানে। এটি আফগানিস্তানের বিপক্ষে তাদের সর্বনিম্ন ইনিংসের রেকর্ড। এর আগে সর্বনিম্ন ছিল ১১৯ রান। সেই সঙ্গে সবচেয়ে কম রান তাড়া করতে নেমেও হারার আরেক লজ্জার রেকর্ড গড়ে মিরাজরা।

তবে এখানেই শেষ নয়। দুই দিন পর তৃতীয় ওয়ানডেতে যেন লজ্জার মাত্রা ছাড়িয়ে গেল সব সীমা। ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। এই ইনিংসই এখন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন রানের রেকর্ড।

এক সময় শক্তিশালী ওয়ানডে দল হিসেবে পরিচিত বাংলাদেশ এখন ব্যাটিং ধস আর আত্মবিশ্বাসহীন পারফরম্যান্সের প্রতীক হয়ে উঠেছে। আফগানিস্তানের বিপক্ষে টানা দুই বছর সিরিজ হারের পর এবার হোয়াইটওয়াশ—এ যেন লজ্জার রেকর্ডের ওপর লজ্জার অধ্যায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »