নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বছর শেষে অ্যাশেজের মঞ্চে নামার আগে বড় এক লড়াই অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার জন্য। ভারত সফরে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টির লড়াইকে অ্যাশেজের প্রস্তুতির নিখুঁত ধাপ হিসেবে দেখছেন দলের অধিনায়ক মিচেল মার্শ।
অক্টোবরের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে দুই দলের ওয়ানডে সিরিজ। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনও পিঠের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় দায়িত্ব নিয়েছেন মার্শ। সামনে কঠিন লড়াইয়ের প্রস্তুতিতে তার আত্মবিশ্বাস তুঙ্গে।
“ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। অ্যাশেজের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আর হতে পারে না,” বলেন মার্শ। “আমাদের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই তীব্র, কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা আমাদের অটুট।”
এই সিরিজ দিয়েই মাঠে ফিরছেন ভারতের দুই অভিজ্ঞ তারকা — রোহিত শর্মা ও বিরাট কোহলি। দীর্ঘ বিরতির পর তাদের ফিরে আসায় সিরিজ ঘিরে উৎসাহ আরও বেড়ে গেছে দুই দেশের সমর্থকদের মধ্যে।
অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ ও ২৫ অক্টোবর, যথাক্রমে অ্যাডিলেড ও সিডনিতে। এরপর শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেটিকে অ্যাশেজের শেষ প্রস্তুতি হিসেবে দেখছে কাংগারুরা।
