নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে আবারও নেই কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ মিস করার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও মাঠে নামছেন না অভিজ্ঞ এই ব্যাটার। দেশের হয়ে আরেকটি সিরিজ থেকে তার ছিটকে পড়া কিউই শিবিরে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
চলতি বছর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর থেকেই উইলিয়ামসন আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বেছে বেছে। সর্বশেষ তাকে জাতীয় দলের জার্সিতে দেখা গেছে গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর কেবল কাউন্টি ও ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। সামান্য একটি স্বাস্থ্যজনিত জটিলতার কারণেই এবারও বিশ্রামে রাখা হয়েছে উইলিয়ামসনকে। দলের প্রধান কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, তার অবস্থা গুরুতর নয়, তবে ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে এই অভিজ্ঞ ব্যাটারের।
তবে সুসংবাদও আছে কিউইদের জন্য। চোট সারিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মিচেল সান্টনার। সঙ্গে ফিরেছেন রাচিন রবীন্দ্রও, যিনি সম্প্রতি মুখে বল লাগার ঘটনায় কিছুদিন ছিলেন সাইডলাইনে। এ দুজনের ফেরায় দলের ব্যাটিং ও স্পিন বিভাগে ভারসাম্য ফিরে আসবে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
চোটের কারণে এবারও স্কোয়াডে নেই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন, উইল ও’রুর্কি ও বেন সিয়ার্স সবাইই মাঠের বাইরে। বিশেষ করে সিয়ার্সের হ্যামস্ট্রিং ইনজুরিতে ফেরার অপেক্ষা আরও তিন থেকে চার সপ্তাহের। অভিজ্ঞ লেগস্পিনার ইশ সোধিকেও এবার জায়গা হয়নি দলে, যিনি এতদিন ছিলেন দলের নির্ভরযোগ্য উইকেটশিকারি (১২৮ ম্যাচে ১৫০ উইকেট)।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ ২১ অক্টোবর, আর সিরিজের শেষটি ২৪ অক্টোবর অকল্যান্ডে। পরবর্তীতে দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে, যা শুরু ২৬ অক্টোবর থেকে।
নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন ও টিম সেইফার্ট।
