নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টের প্রথম দিনটা যেন ছিল ইয়াশস্বী জয়সাওয়ালের। আগের ম্যাচের হতাশা পেছনে ফেলে এবার ব্যাট হাতে উড়লেন তরুণ ভারতীয় ওপেনার। দিনের খেলা শেষে তিনি অপরাজিত ১৭৩ রানে, ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে।
অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত দিনশেষে ২ উইকেটে ৩১৮ রান তুলেছে। ইনিংসের সূচনায় লোকেশ রাহুল (৩৮) ও জয়সাওয়াল মিলে গড়েন ৫৮ রানের ওপেনিং জুটি। রাহুল ফিরে গেলেও থেমে যাননি জয়সাওয়াল। এরপর সাই সুদার্শনের সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১৯৩ রান।
সুদার্শন আক্ষেপে পুড়েছেন সেঞ্চুরি মিস করে—৮৭ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। অন্যপ্রান্তে জয়সাওয়াল খেলেছেন ধৈর্য ও শৈলীর মিশেলে এক অনবদ্য ইনিংস, ২৫৩ বলের এই ইনিংসে এসেছে ২২টি চার। এটি তার সপ্তম টেস্ট সেঞ্চুরি, আর পঞ্চমবারের মতো দেড়শ ছাড়ালেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ইতোমধ্যেই দুটি ডাবল সেঞ্চুরি করেছেন জয়সাওয়াল। এবারও যদি ছন্দটা ধরে রাখতে পারেন, তবে ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতক দেখা সময়ের অপেক্ষা মাত্র। দিনের শেষভাগে তার সঙ্গী শুভমান গিল ২০ রানে অপরাজিত রয়েছেন।
প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোরবোর্ড বলছে—ব্যাটে আগুন ঝরাচ্ছে ইয়াশস্বী জয়সাওয়াল, আর অপেক্ষা কেবল ইতিহাসের আরেক অধ্যায় লেখার।
