নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার মতে, র্যাংকিংয়ে দশ নম্বরে থাকা কিংবা পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে বাছাইপর্ব খেলতে হওয়া—দুটোর কোনোটাই বাংলাদেশ দলের মানায় না।
আবুধাবিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বলেন, “ওয়ানডে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট। এখানে দশ নম্বরে থাকা একেবারেই মেনে নেওয়ার মতো না। আমরা আরও ওপরের দিকে থাকলে মানায়। যেটা হয়ে গেছে, সেটা ভুলে এখন সামনে তাকাতে হবে। লক্ষ্য থাকবে পরের ম্যাচগুলো জেতা এবং ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়া।”
বিশ্বকাপের সরাসরি খেলার স্বপ্নে ফিরতে হলে র্যাংকিংয়ে উন্নতি অপরিহার্য। বর্তমানে টাইগাররা আছে দশে, যেখানে আফগানিস্তান আছে সপ্তম স্থানে। চলমান সিরিজে তাই জয়টাই এখন একমাত্র সমাধান। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে টিকে থাকার লড়াই।
সাকিব আরও বলেন, “আমাদের সামনে এখন কোনো বিকল্প নেই। শতভাগ দিতে হবে এই ম্যাচে। আগের ম্যাচে যে ভুলগুলো হয়েছে, সেগুলো শুধরে ভালো কিছু করার চেষ্টা করছি। এই ম্যাচ না জিতলে সিরিজ জয়ের আশা শেষ হয়ে যাবে। তাই ম্যাচটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এক সময়ের ওয়ানডে শক্তি বাংলাদেশ এখন বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লড়াইয়ে টিকে থাকার চ্যালেঞ্জে। তবে তরুণ সাকিবের বিশ্বাস, ভুল শুধরে ফের জয়ের ধারায় ফিরবে বাংলাদেশ—আর তাতেই মুছে যাবে বাছাইপর্বের আশঙ্কা।
