নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সে অনেক কিছুই না মিললেও, একটি নাম যেন আলো ছড়াচ্ছে অবিরাম—সাইফ হাসান। নেদারল্যান্ডস সিরিজে দলে ফেরার পর থেকেই দারুণ ধারাবাহিক এই ডানহাতি ব্যাটার। এশিয়া কাপে বাংলাদেশের সামগ্রিক ফল ভালো না হলেও, ব্যাট হাতে একাই লড়েছেন তিনি। টুর্নামেন্ট শেষে প্রধান কোচ ফিল সিমন্সও বলেছিলেন—বাংলাদেশের একমাত্র প্রাপ্তি সাইফ।
ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ধারাবাহিকতার জানান দেন সাইফ। সেই ফর্ম তিনি ধরে রেখেছেন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতেও। সিরিজের শেষ ম্যাচে খেলেছেন ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ঝড়ো ইনিংস। এ পারফরম্যান্সই তাকে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা এনে দিয়েছে।
এশিয়া কাপে ৪ ম্যাচে ৪৪.৫ গড়ে ১৭৮ রান করেছেন সাইফ। আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে তার রান ৮২, গড় ৪১। যদিও ওয়ানডে অভিষেকে ২৬ রানেই থেমেছেন, কিন্তু তার পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্লেষকরা। সাবেক ওপেনার জাভের ওমর বেলিম মনে করেন, সাইফ এমন ধরনের ব্যাটার, যিনি ক্রিজে থাকলে রান আসবেই।
তবে বেলিমের পরামর্শ, সাইফ যেন অতি আক্রমণাত্মক না হয়ে দায়িত্বশীল ব্যাটিং করেন। তার ভাষায়,
“সাইফ দুর্দান্ত ব্যাটার। কিন্তু কখনও কখনও অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে পড়ে। ক্রিকেটে একটা আউটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তাই সেই জায়গায় তাকে আরও হিসাবি হতে হবে।”
শুধু আন্তর্জাতিক নয়, ঘরোয়া ক্রিকেটেও ছন্দে আছেন সাইফ। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ব্যাট হাতে করেছেন ৫৯৫ রান, নিয়েছেন ১৫ উইকেট। এমন পারফরম্যান্সের পর তার ওয়ানডে দলে সুযোগ পাওয়া ছিল কেবল সময়ের ব্যাপার।
এখন দেখার বিষয়—সেই ছন্দ আন্তর্জাতিক মঞ্চেও কতদূর টেনে নিতে পারেন এই প্রতিশ্রুতিশীল ব্যাটার।
