নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রেরণার নাম মাশরাফি বিন মুর্তজা। আজ নড়াইল এক্সপ্রেসের জন্মদিনে দেশের অসংখ্য ভক্ত যেমন ভালোবাসায় ভিজিয়ে দিচ্ছেন, তেমনি আবেগে ভেসেছেন তার ভক্তদের মধ্যেই অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। প্রিয় অধিনায়কের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে ফারিয়া জানালেন মাশরাফির প্রতি তার অটল শ্রদ্ধা, মুগ্ধতা আর প্রেরণার গল্প।
পোস্টে তিনি লিখেছেন, জীবনের গতিপথ যত দিকেই যাক, বা চিন্তার ভিন্নতা যতই হোক না কেন— মাশরাফি তার কাছে সবসময়ই ‘মার্ভেলাস ক্যাপ্টেন’। ক্রিকেট বোঝার আগেই বাবার সঙ্গে টেলিভিশনে খেলা দেখা শুরু করেছিলেন ফারিয়া। তবে খেলার নিয়ম বুঝতে পারার পর থেকেই মাশরাফিই হয়ে ওঠেন তার প্রিয় ক্রিকেটার, আর সেই ভালোবাসা এখনও অটুট।
শৈশবের স্মৃতিচারণা করে অভিনেত্রী বলেন, “১০ বছর বয়স থেকে মাশরাফির লেখা, ছবি— সবকিছুই সংগ্রহ করতাম। এখন বয়স ৩৪, তবুও সেই অভ্যাসটা বদলায়নি। এখনও গর্ব আর ভালোবাসায় একইভাবে উল্লাস করি তার জন্য। কিছু অনুভূতি সত্যিই কখনও বদলায় না।”
মাশরাফিকে শুধু একজন ক্রিকেটার নয়, বরং জীবনের এক অনুপ্রেরণার প্রতীক হিসেবেই দেখেন ফারিয়া। তার ভাষায়, “একজন নির্ভীক ফাস্ট বোলার থেকে শুরু করে যোদ্ধা অধিনায়ক— মাশরাফি আমাদের হৃদয় ও সাহস দিয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমার কাছে কেবল একজন ক্রিকেটার নন, তিনি একটা আবেগের নাম, স্থিতিস্থাপকতার প্রতীক।”
অভিনেত্রীর চোখে, মাশরাফির জীবন মানে সংগ্রাম আর দৃঢ়তার প্রতিচ্ছবি। “তিনি মনে করিয়ে দেন, জীবন যতবারই আমাদের ধাক্কা দিক না কেন, আমরা আবারও শক্তভাবে দাঁড়াতে পারি, আরও সাহসী হয়ে উঠতে পারি,”— এমনই ভালোবাসা ছুঁয়ে গেছে ফারিয়ার কথায়।
সবশেষে প্রিয় নায়কের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শবনম ফারিয়া লিখেছেন, “লড়াই ও অনুপ্রেরণার সব স্মৃতির জন্য ধন্যবাদ। সুস্বাস্থ্য, সুখ এবং আগামীর আরও সাফল্য কামনা করছি— শুভ জন্মদিন, মার্ভেলাস ক্যাপ্টেন।”
