মালিঙ্গা থেকে মিতালি রাজ—বাংলাদেশের মারুফায় মুগ্ধ ক্রিকেট বিশ্ব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ নারী দলের তরুণ পেসার মারুফা আক্তার এবার সত্যিকারের আলোড়ন তুললেন বিশ্ব ক্রিকেটে। মাত্র কয়েক ওভারের স্পেলে তিনি এমন এক ডেলিভারি ছুড়েছেন, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাকিস্তানের ওপেনার সিদরা আমিনকে বোল্ড করার সেই ইনসুইং বলকে অনেকেই ইতিমধ্যেই বিশ্বকাপের “বল অফ দ্য টুর্নামেন্ট” আখ্যা দিয়েছেন।

সেই ডেলিভারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা নিজের ফেসবুক পেজে লিখলেন, “খাঁটি দক্ষতা। চমৎকার নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।” মালিঙ্গার প্রশংসার জবাবে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন মারুফা—“ধন্যবাদ কিংবদন্তি।”

শুধু মালিঙ্গাই নন, ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজও মুগ্ধ হয়েছেন এই তরুণীর পারফরম্যান্সে। তার ভাষায়, “মারুফার অনেক সুইং আছে। কিন্তু শুধু সুইং করলেই হয় না, সঠিক লাইন ও লেংথ বজায় রাখতে হয়। সে ঠিক সেটাই করেছে। প্রথম ওভারেই দুই বড় উইকেট তুলে নেওয়া ছিল দারুণ শুরু।”

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর কেড়েছিলেন মারুফা। এবার ওয়ানডে বিশ্বকাপেও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর মারুফা বলেন, “আমি জানি আমি সুইং পাই, তাই লাইন-লেংথ ঠিক রাখার চেষ্টা করি। জ্যোতি আপু আমাকে পরিকল্পনায় স্থির থাকতে বলেছেন। সতীর্থদের সমর্থন সবসময় আমাকে আত্মবিশ্বাসী করে।”

মাত্র ১৯ বছর বয়সেই বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসা হয়ে উঠছেন মারুফা আক্তার। মালিঙ্গা ও মিতালির মতো কিংবদন্তিদের প্রশংসা প্রমাণ করে দিচ্ছে—ভবিষ্যতে নারী ক্রিকেটে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি প্রস্তুত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »